Published : 02 Jun 2026, 11:37 PM
বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন কর্মসূচির আওতায় কৃষিঋণে অগ্রাধিকার পাবেন ‘স্মার্ট কার্ডধারী’ প্রান্তিক ও ভূমিহীন কৃষকরা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘কৃষক স্মার্ট কার্ড নীতিমালা-২০২৫’ এর আলোকে এই সুবিধা দেওয়ার কথা বলা হয়ছে মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের জারি করা পরিপত্রে।
সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এ পরিপত্রে বলা হয়েছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষক ‘স্মার্ট কার্ড’ নীতিমালা অনুযায়ী এ কার্ডধারীর জন্য ব্যাংকগুলো ১০ টাকার হিসাব খুলবে এবং পুনঃঅর্থায়ন কর্মসূচির আওতায় ঋণ দেওয়ার ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেবে।
তবে ‘স্মার্ট কার্ড’ না থাকা প্রান্তিক ও ভূমিহীন কৃষকরা এই কর্মসূচির আওতায় ঋণ সুবিধা থেকে যেন বঞ্চিত না হন, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতেও ঋণদাতা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এছাড়া সাম্প্রতিক সময়ে ভারি বৃষ্টিপাতে যেসব প্রান্তিক ও ভূমিহীন কৃষকের ফসলের ক্ষতি হয়েছে, তাদের ঋণ দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে করোনা ভাইরাস মহামারীর ক্ষতি পুষিয়ে উঠতে ২০২১ সালের ৫ সেপ্টেম্বর ১০, ৫০ ও ১০০ টাকার হিসাবধারী প্রান্তিক বা ভূমিহীন কৃষক, নিম্ন আয়ের পেশাজীবী, স্কুল ব্যাংকিং হিসাবধারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ৫০০ কোটি টাকার এই পুনঃঅর্থায়ন স্ক্রিম বা তহবিল চালু করেছিল বাংলাদেশ ব্যাংক।