২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই জেলার সড়ক উন্নয়নে ১৫০০ কোটি টাকার প্রকল্প

একনেকে প্রায় চার হাজার ২৫২ কোটি টাকা ব্যয়ের ১১টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2023, 11:36 PM

Updated : 04 Apr 2023, 11:36 PM

ব্রাহ্মণবাড়িয়া ও নারায়ণগঞ্জের বিভিন্ন সড়ক প্রশস্ত করার মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দেড় হাজার কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ প্রকল্প অনুমোদন পেয়েছে।

এর আওতায় সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর এক হাজার ৫৩২ কোটি টাকা ব্যয়ে ২০২৫ সালের জুনের মধ্যে এর বাস্তবায়ন করবে বলে পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিত কর্মকার জানান।

ঢাকার শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রকল্পটির মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলার সঙ্গে টেকসই, নিরাপদ ও ব্যয় সাশ্রয়ী সড়ক যোগাযোগ স্থাপন করা হবে।

প্রকল্প প্রস্তাবে বলা হয়, এর মাধ্যমে ভূলতা-আড়াইহাজার-বাঞ্ছারামপুর-নবীনগর-শিবপুর-রাধিকা আঞ্চলিক মহাসড়ক (কড়ইকান্দি হতে বাঞ্ছারামপুর-নবীনগর পর্যন্ত) এবং সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কের সরাইল হতে বলভদ্র সেতু পর্যন্ত সড়ক আরও প্রশস্ত করা হবে।

প্রকল্পটির আওতায় প্রায় ২৭ কিলোমিটার নতুন সড়ক ও প্রায় ২০ কিলোমিটার সড়ক ১০ মিটার প্রশস্ত করা হবে। এছাড়া আরও ২০ কিলোমিটার সড়ক মজবুতীকরণ এবং সাত কিলোমিটার রিজিড পেভমেন্ট তৈরি করা হবে।

সচিব জানান, বৈঠকে প্রায় চার হাজার ২৫২ কোটি ৬৬ লাখ টাকা ব্যয় সম্বলিত ১১টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন তিন হাজার ৬৪৫ কোটি টাকা এবং বৈদেশিক অর্থায়ন ৬০৭ কোটি ৪৫ লাখ টাকার যোগান দেওয়া হবে।

আরও যেসব প্রকল্পের অনুমোদন

>> ঢাকা সিএমএইচ- এ ক্যান্সার সেন্টার নির্মাণ (২য় পর্যায়) প্রকল্প; ব্যয় ২৪৬ কোটি টাকা।

>> ঢাকা শহর সন্নিকটবর্তী এলাকায় ১০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন (১ম সংশোধিত) প্রকল্প; ব্যয় বেড়েছে ৭৬ কোটি ৯৩ লাখ টাকা।

>> সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ, ৩য় সংশোধিত) প্রকল্প; ব্যয় বৃদ্ধি ছাড়া সংশোধন করা হয়েছে।

>> ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ (৩য় পর্যায়, ১ম সংশোধিত) প্রকল্প; ব্যয় বেড়েছে ১৩১ কোটি ৯০ লাখ টাকা।

>> বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন (২য় সংশোধিত) প্রকল্প; ব্যয় বেড়েছে ২১১ কোটি ৩২ লাখ টাকা।

>> ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি অ্যাসিস্ট্যান্স (ফ্রিপ) প্রকল্প; ব্যয় ৩০০ কোটি টাকা।

>> জামালপুর জেলার পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প; ব্যয় এক হাজার ১২৫ কোটি টাকা।

>> ওয়াশ সেক্টর স্ট্রেংদেনিং অ্যান্ড স্যানিটেশন মার্কেট সিস্টেম ডেভেলপমেন্ট প্রকল্প; ব্যয় ১৫৬ কোটি ২৪ লাখ টাকা।

>> জলবায়ু সহিষ্ণু টেকসই পানি সরবরাহ, স্যানিটেশন ও হাইজিন প্রকল্প: ব্যয় ২৭৪ কোটি ৪৭ লাখ টাকা।

>> মোংলা বন্দর চ্যানেলের ইনার বারে ড্রেজিং (১ম সংশোধিত) প্রকল্প; ব্যয় বাড়ছে ১৯৮ কোটি ৫৪ লাখ টাকা