২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকল্প বাস্তবায়নের বাধা সরাতেই এসেছি: পরিকল্পনামন্ত্রী

“এটা নিশ্চিত থাকেন, বাধা হতে দেব না, কোনও বাধা হতে দেব না, এখানে কোনও ছাড় নেই।”

প্রকল্প বাস্তবায়নের বাধা সরাতেই এসেছি: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর রোববার নিজ দপ্তরে আসেন আবদুস সালাম। কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর কথা বলেন গণমাধ্যমের সঙ্গে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2024, 04:54 PM

Updated : 14 Jan 2024, 04:55 PM

প্রকল্প বাস্তবায়নে গতি এনে পাইপলাইনে আটকে থাকা ঋণের অর্থ ছাড়ের মাধ্যমে বিদেশি মুদ্রার প্রবাহ বাড়ানোকে প্রধান অগ্রাধিকার হিসেবে নিয়েছেন নতুন পরিকল্পনামন্ত্রী মো. আব্দুস সালাম। 

পরিকল্পনামন্ত্রী হিসেবে রোববার প্রথম দিন মন্ত্রণালয়ের দপ্তরে বসে সাংবাদিকদের কাছে এই অগ্রাধিকারের কথা জানান সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা আবদুস সালাম। 

কেন প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোকে প্রধান অগ্রাধিকারে রাখার কারণ ব্যাখ্যায় তিনি বলেন, “বিলম্ব করলে সেটার (প্রকল্পের) কস্ট বেড়ে যায়, এস্টাব্লিশমেন্ট বেড়ে যায়। আরও বিলম্ব হয়ে যায়, কাজ হবে না। 

“সো এই বাধা সরানোর জন্যই আমি আসছি। বাধা যত তাড়াতাড়ি সরানো যায়, সে যে লেভেলেই হোক, এটা আপনারা নিশ্চিত থাকেন।” 

রোববার সকাল ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের দপ্তরে পৌঁছে মন্ত্রী প্রথমে পূর্বনির্ধারিত বৈঠকে বসেন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে। 

এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ওই বৈঠকে মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগ, বাস্তবায়ন, পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি), বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এবং উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) কর্মকর্তারা মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নেন। এসময় বিভিন্ন বিভাগের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। 

বৈঠকের পর মন্ত্রী নিজ দপ্তরে বসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। 

নতুন মন্ত্রী হিসেবে সামনের দিনগুলোতে মন্ত্রণালয়কে কিভাবে চালাতে চান, এমন প্রশ্নে আবদুস সালাম বলেন, “এই মুহূর্তে যা বুঝলাম সেটা হচ্ছে, পাইপলাইনে অনেক প্রকল্প রয়েছে। বৈদেশিক সহায়তার প্রকল্প আছে। ফরেইন ফাইন্যান্সের প্রকল্পে জোর দিতে আমি আগ্রহী হব, কারণ টাকা আসা দরকার। 

Image

নতুন পরিকল্পনামন্ত্রী আবদুস সালাম রোববার প্রথম তার দপ্তরে এসে বৈঠক করে কর্মকর্তাদের সঙ্গে। এসময় কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

“এখানকার টেনডেনসিতে যা বুঝলাম তাদের (কর্মকর্তাদের) কথায়, প্রকল্প ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত বিলম্বিত হয়ে থাকে। আমি চাচ্ছি যে সেটা না হোক।” 

মন্ত্রী বলেন, “প্রকল্প বাস্তবায়ন যত দ্রুত হবে, পাইপলাইনের টাকাগুলো আমাদের কাছে আসবে। সে হিসাবে আমি এটাকে অগ্রাধিকার করব।” 

সর্বেশেষ ২০২২-২৩ অর্থবছরের হিসাব অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক ঋণ দাতাদের সঙ্গে বিভিন্ন সময়ে হওয়া চুক্তির ৫০ বিলিয়ন ডলারের বেশি অর্থ পাইপলাইনে আটকে আছে। 

প্রয়োজনীয় গতিতে প্রকল্প বাস্তবায়ন করতে না পারায় এই বিপুল অর্থ আটকে আছে। 

নতুন পরিকল্পনামন্ত্রী বলেন, “আমি আসলে দেখতে চাই প্রকল্প বাস্তবায়ন কোথায় আটকায়। আমি এজন্য শিগগির প্রকল্প বাস্তবায়নকারী বিভাগ আইএমইডির সঙ্গে বসতে চাই। তারা আমাকে বলবে প্রকল্প বাস্তবায়ন কোথায় আটকায়, বাধাটা কোথায়। সেই বাধাটা আমি সরিয়ে দেব। 

“এটা নিশ্চিত থাকেন, বাধা হতে দেব না, কোনও বাধা হতে দেব না, এখানে কোনও ছাড় নেই। এখানে আপস করার কোনও অবস্থা নাই যে, প্রকল্প বাস্তবায়ন এই কারণে বিলম্ব হয়েছে, বৃষ্টি হয়েছিল, অমুক হয়েছিল, তমুক হয়েছিল- এগুলো কোনও ব্যাপার না, করতেই হবে, নো কোয়েশ্চন অ্যাবাউট ইট।” 

বিদেশি অর্থায়ন প্রসঙ্গে তিনি বলেন, “ফরেইন ফাইন্যান্স আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। টাকা আসবে কোথা থেকে? গাছ থেকে টাকা আসবে? এভাবেই তো আমাদের অর্জন করতে হবে।”