২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রপ্তানি উন্নয়ন ব্যুরো অধ্যাদেশকে আইনে করতে বিল পাস

সামরিক শাসন আমলে জারি করা রপ্তানি উন্নয়ন ব্যুরো অধ্যাদেশকে আইনে পরিণত করতে সংসদে বিল পাস হয়েছে।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2015, 04:04 PM

Updated : 22 Aug 2022, 12:45 PM

বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বুধবার ‘রপ্তানি উন্নয়ন ব্যুরো বিল-২০১৫’  পাসের জন্য জাতীয় সংসদে তুললে সেটি কণ্ঠভোটে অনুমোদন পায়।

বিরোধী দল জাতীয় পার্টি ও স্বতন্ত্র সদস্যরা বিলের ওপর জনমত যাচাই এবং সংশোধনীর প্রস্তাব দিলেও সেগুলো কণ্ঠভোটে নাকচ হয়।

দুটি সামরিক শাসনামলে জারি করা ‘প্রয়োজনীয় অধ্যাদেশগুলো’ আইনে পরিণত করার অংশ হিসাবে ১৯৭৭ সালের  ‘দ্যা এক্সপোর্ট প্রোমোশন ব্যুরো অর্ডিন্যান্স-১৯৭৭’ রহিত করে বাংলায় আইন প্রণয়ন করতে গত ১৬ জুন বিলটি সংসদে তোলা হয়।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বাণিজ্য মন্ত্রী বলেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনের মাধ্যমে পঞ্চম সংশোধনী বিলুপ্তির ফলে ১৯৭৫ সালের ২৪ আগস্ট থেকে ১৯৭৯ সালের ৯ এপ্রিল পর্যন্ত সময়ের মধ্যে সামরিক ফরমানে জারি করা অধ্যাদেশগুলোর অনুমোদন ও সমর্থন সংক্রান্ত সংবিধানের চতুর্থ তফসিলের ৩ক ও ১৮ অনুচ্ছেদ বিলুপ্ত হয়ে যায়।

এতে অধ্যাদেশগুলোর কার্যকারিতা লোপ পায়; রপ্তানি উন্নয়ন ব্যুরো অধ্যাদেশও বিলুপ্ত হয়।

এই প্রেক্ষাপটে সংসদ অধিবেশন না থাকায় কাজ চালিয়ে যাওয়ার জন্য ২০১৩ সালের ১ জানুয়ারি রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করেন বলে মন্ত্রী সংসদকে জানান।