কর্ণফুলী টানেল নির্মাণে চীনা কোম্পানির সঙ্গে চুক্তি
বন্দরনগরী চট্টগ্রামে সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ নির্মাণ করে কর্ণফুলী নদীর দুই তীরকে যুক্ত করতে চীনের সঙ্গে চুক্তি করেছে সরকার।
নয় হাজার কোটি টাকা ব্যয়ে দেশে প্রথমবারের মতো নদীর তলদেশে এই ‘টানেল’ নির্মাণের কাজটি পেয়েছে চায়না কমিউনিকেশন্স কনস্ট্রাকশন কোম্পানি (সিসিসিসি)।
সরকার বলছে, এশিয়ান হাইওয়ে এবং ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের অংশ এই টানেল চালু হলে চট্টগ্রাম হবে ‘ওয়ান সিটি টু টাউন’।
মঙ্গলবার চীনের রাজধানী বেইজিংয়ে চায়না কমিউনিকেশন্স কনস্ট্রাকশন কোম্পানি ও বাংলাদেশের সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রণালয়ের মধ্যে এ বিষয়ে চুক্তি হয়।
সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং চীনের পরিবহন মন্ত্রী ইয়াং চুয়ানটাং চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আবু নাসের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
সেতু বিভাগের পক্ষে সচিব খোন্দকার আনোয়ারুল ইসলাম এবং সিসিসিসির চেয়ারম্যান লুই কুইটাও নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপু মনিও উপস্থিত ছিলেন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে।
আবু নাসের জানান, চুক্তি স্বাক্ষরের আগে দুই দেশের প্রতিনিধিরা দ্বি-পক্ষীয় আলোচনায় অংশ নেন।
বাংলাদেশের উন্নয়নে, বিশেষ করে সড়ক, সেতু, বিদ্যুৎ, কৃষিসহ বিভিন্ন খাতে বিনিয়োগ এবং অর্থায়নের জন্য চীন সরকারকে ধন্যবাদ জানান ওবায়দুল কাদের।
তিনি বলেন, কর্ণফুলী টানেল চট্টগ্রাম অঞ্চলের মানুষের ‘স্বপ্নের প্রকল্প’। এ প্রকল্প বাস্তবায়িত হলে চট্টগ্রামসহ দেশের অর্থনীতির চালচিত্র ‘বদলে যাবে’।
চীন ও হংকংয়ের দুটি প্রতিষ্ঠান প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে টানেলের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ করে।
মন্ত্রী ওবায়দুল কাদের এর আগে জানিয়েছিলেন, সরকারি পর্যায়ে (জি টু জি) কর্ণফুলীর তলদেশে এই টানেল নির্মাণ করা হবে।
সব ঠিক থাকলে ২০১৯ সালে ‘ডুয়াল টু লেইনের’ এই টানেল দিয়ে যান চলাচল করতে পারবে বলে আশা করছেন কাদের।
যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এই টানেলের অ্যালাইনমেন্ট হবে এয়ারপোর্ট থেকে কর্ণফুলী নদীর দুই কিলোমিটার ভাটির দিকে। টানেলের প্রবেশ পথ হবে নেভি কলেজের কাছে এবং বহির্গমন পথ হবে সার কারখানার কাছে।
টানেল নির্মাণ করা হবে ‘শিল্ড ড্রাইভেন মেথড’ পদ্ধতিতে। মোট দৈর্ঘ্য হবে তিন হাজার ৪০০ মিটার।
এছাড়া টানেলের পশ্চিম প্রান্তের অ্যাপ্রোচ রোডের দৈর্ঘ্য হবে ৭৪০ মিটার, পূর্বে চার হাজার ৯৫২ মিটার।
বেইজিংয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত এম ফজলুল করিম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচলক রুহুল আমিন সিদ্দিক, সেতু বিভাগের প্রধান প্রকৌশলী কবির আহমদসহ দূতাবাসের কর্মকর্তাও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
