বেসিক ব্যাংকের ২ কোটি টাকা লোপাট: অর্থমন্ত্রী
রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকের সিলেটের জিন্দাবাজার শাখা থেকে ভুয়া এফডিআরের মাধ্যমে ২ কোটি ৯ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শনিবার জাতীয় সংসদে স্বতন্ত্র সদস্য রুস্তম আলী ফরাজীর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
এই অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় ব্যাংকটির অভ্যন্তরীণ নিরীক্ষায় উদঘাটিত হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক পারবান চৌধুরী, সাবেক উপ-ব্যবস্থাপক মো. মোস্তফা কামাল ও সাবেক ব্যবস্থাপক সালেহ আহমেদ চৌধুরী পরস্পরের যোগসাজসে এই ঘটনায় জড়িত।
তিনি বলেন, রাষ্ট্রায়ত্ত কয়েকটি ব্যাংক থেকে সংঘবদ্ধ জালিয়াতচক্র ভুয়া এফডিআরের বিপরীতে ৩ হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার বিষয়ে সংবাদপত্রে খবর প্রকাশিত হলেও এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য না থাকায় যাচাই করা যায়নি।
বেসিক ব্যাংকের জিন্দাবাজার শাখা ছাড়া রাষ্ট্রায়ত্ত অন্যান্য ব্যাংক থেকে ভুয়া এফডিআরের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার কোনো ঘটনা বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে উদ্ঘাটিত হয়নি বলে জানান তিনি।
