আরডিপি ফাইন্যান্সের চেয়ারম্যানসহ আটক ৩
আমানতকারীদের গচ্ছিত বিপুল পরিমাণ টাকা নিয়ে এক মাস ধরে ‘উধাও’ সমবায়ী প্রতিষ্ঠান আরডিপি ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এমসিএস লিমিটেডের চেয়ারম্যানসহ তিনজনকে সাতক্ষীরায় আটক করেছে পুলিশ।
সাতক্ষীরা সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, শুক্রবার ভোরে সাতক্ষীরা শহরে ‘টাইগার প্লাস’ নামের একটি আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।
এরা হলেন- আরডিপি ফাইন্যান্সের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, প্রতিষ্ঠানটির সাতক্ষীরা কার্যালয়ের ব্যবস্থাপক জুলকার নাইন ও কর্মচারী হাফিজুর রহমান।
এদের মধ্যে রাজ্জাক নারায়ণগঞ্জের বন্দর থানার আব্দুল লতিফের ছেলে। বাকি দুজনের বাড়ি সাতক্ষীরা জেলায়।
প্রায় দেড় মাস আগে সাতক্ষীরা ও পটুয়াখালীসহ দেশের বিভিন্ন জেলা থেকে আমানতকারীদের গচ্ছিত বিপুল পরিমাণ টাকা নিয়ে আরডিপির কর্মকর্তারা ‘উধাও হয়ে যান’। এরপর থেকে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়সহ ৭১টি শাখায় তালা ঝুলছে।
গচ্ছিত প্রায় ২০ কোটি টাকার বেশি ফেরত না পেয়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে দুটি মামলা করেন পটুয়ালীখালী সদর থানার কয়েকশ আমানতকারী। এই পরিস্থিতিতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) আরডিপি ফাইন্যান্সের সব ব্যাংক হিসাব স্থগিত করে।
বৃহস্পতিবার এ বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে একটি প্রতিবেদনও প্রকাশিত হয়।
সাতক্ষীরা সদরের ওসি এমদাদুল বলেন, “টাকা আত্মসাতের পর তারা দীর্ঘদিন পালিয়ে ছিলেন। প্রতারণার জন্য তারা ফের সংগঠিত হচ্ছেন খবর পেয়ে ভোরে ওই আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।”
আটকের পর সাতক্ষীরা সদর থানায় এই তিনজনসহ আরডিপির কর্মকর্তা-কর্মচারীদের নামে আরেকটি মামলা করা হয়েছে বলে জানান ওসি।
