‘দালালদের কারণে আয়কর বঞ্চিত হচ্ছে সরকার’
অসৎ কর্মকর্তা ও দালাল চক্রের খপ্পরে পড়ে প্রায় ৮০ ভাগ রাজস্ব থেকে সরকার বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ট্যাক্স পেয়ার্স সোসাইটির সভাপতি মো. নূরুল আজহার শামীম।
বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সম্প্রসারিত মিলনায়তনে ‘বাংলাদেশ ট্যাক্স পেয়ার্স সোসাইটি’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
নূরুল আজহার বলেন, “কিছু অসৎ কর্মকর্তাদের যোগসাজসে দালাল চক্রের খপ্পরে পড়ে কর দেওয়ায় হয়রানি ও নির্যাতন শিকার হয়ে ৮০ ভাগ ব্যক্তি কর দিতে নিরুৎসাহিত হচ্ছেন। এতে সরকার রাজস্ব আহরণ থেকে বঞ্চিত হচ্ছে।”
অডিটের নামে হয়রানি চলছে বলেও অভিযোগ করেন তিনি।
“রাজস্ব কর্মকর্তারা অডিটের ভয় দেখিয়ে তাদের অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন করছে। একজনের ফাইল বারবার অডিট হচ্ছে। অথচ যারা দালালের মাধ্যমে যোগাযোগ করছে তাদের ফাইল অডিট হচ্ছে না।”
ব্যক্তি শ্রেণির কর এক-দুই-তিন হাজার টাকা হারে আদায় থেকে ন্যূনতম কর চার হাজার করা হয়েছে যা কর-বান্ধব নয় বলে মন্তব্য করেন সোসাইটির মহাসচিব মো. হান্নান হেসেন।
কর দাতাদের যাকাতের খরচ আয় থেকে বাদ দেওয়ারও দাবি জানান তিনি।
সরকারের ঘোষিত চলতি বাজেটকে গতানুগতিক আখ্যা দিয়ে হান্নান বলেন, বেকারত্ব দূর করার কোন পদক্ষেপ এবং কর ফাঁকি রোধে দুর্নীতিবাজ কর কর্মকর্তা, কর্মচারীদের শাস্তির ব্যবস্থা এ বাজেটে নেই।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সোসাইটির যুগ্ম মহাসচিব মো. আবুল হাসিব খান, তুষার রায় প্রমুখ।
