বাজেট বাস্তবায়নে ‘হরিলুটের’ অভিযোগ জাপা এমপির
বিদায়ী অর্থবছরে বাজেটে বরাদ্দের প্রায় অর্ধেক শেষ দুই মাসে বাস্তবায়ন করা হয়েছে দাবি করে এতে ‘হরিলুটের’ অভিযোগ এনেছেন জাতীয় পার্টির সাংসদ পীর ফজলুর রহমান।
নতুন অর্থবছরের বাজেট প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে মঙ্গলবার জাতীয় সংসদে তিনি বলেন, “এ অর্থবছরের বাজেটের মধ্যে ১০ মাসে বাস্তবায়ন হয়েছে মাত্র ৫১ শতাংশ। দুই মাসে বাকি বাজেট বাস্তবায়ন করা হয়েছে। দুই মাসে যদি এই বিশাল বাজেট বাস্তবায়ন করা হয়, তাহলে সেখানে হরিলুটের কারবার হয়।”
অর্থবছরের শেষে এসে তড়িঘড়ি সরকারের উন্নয়ন কর্মসূচির অর্থ ব্যয়ের প্রবণতা নিয়ে এর আগেও সমালোচনা হয়েছে। এই প্রেক্ষাপটে অর্থ ব্যয়ের দক্ষতা বাড়াতে চলতি অর্থবছরের উন্নয়ন প্রকল্পে যে অর্থ ব্যয় করা সম্ভব হবে না তা মার্চের মধ্যে ফেরত পাঠাতে প্রকল্প পরিচালকদের নির্দেশ দেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
সরকারের প্রত্যাশা অনুযায়ী, ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে হলে দুর্নীতির ‘টুটি চেপে ধরতে হবে’ মন্তব্য করে সাংসদ ফজলুর রহমান বলেন, “আমরা এই হরিলুটের বন্ধ চাই।... দুর্নীতি বন্ধ করতে হবে। সুশাসন নিশ্চিত করতে হবে। অন্যথায় বাজেট বাস্তবায়ন বা প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে না।”
চলতি ২০১৪-১৫ অর্থবছরের জন্য মূল বাজেট ছিল ২ লাখ ৫০ হাজার কোটি টাকার। পরে তা সংশোধন করে ২ লাখ ৩৯ হাজার কোটি টাকায় নামিয়ে আনা হয়।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত ৪ জুন জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করেন। প্রায় তিন লাখ কোটি টাকার এ বাজেটে ঘাটতির পরিমাণ ৮৬ হাজার ৬৫৭ কোটি টাকা, যা জিডিপির ৫ শতাংশ।
৭ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য ঠিক করে মূল্যস্ফীতি ৬ দশমিক ২ শতাংশে নামিয়ে আনার আশার কথাও বলেছেন মুহিত।
পীর ফজলুর রহমান বলেন, এ অর্থবছর ঘাটতি বাজেট অর্জন করা সম্ভব হয়নি। এবারের ‘বিশাল ঘাটতি’ বাজেট কীভাবে অর্জন হবে, তা তিনি ভেবে পাচ্ছে না।
“গত কয়েক অর্থবছর ধরে আমাদের প্রবৃদ্ধি ৭ শতাংশ ধরা হচ্ছে। তা কখনোই পূরণ হচ্ছে না। এবারের বাজেট বক্তৃতায়ও আমাদের অর্থমন্ত্রী বলেছেন, আমাদের প্রবৃদ্ধি ৬ এর বৃত্তে আটকে আছে।”
গত বছরের তুলনায় ৩৩ শতাংশ বেশি (২ লাখ ৮ হাজার ৭৪ কোটি টাকা) রাজস্ব আয়ের লক্ষ্য ধরে এনবিআরের উপর চাপ সৃষ্টি করা হয়েছে বলেও মন্তব্য করেন জাতীয় পার্টির এই সাংসদ।
“এনবিআর চেয়ারম্যান যত দক্ষ লোকই হন না কেন, এটি কেমনে অর্জন করবেন, আমরা জানি না।”
পুলিশের যানবাহন ঘাটতি
অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বগুড়া-৫ আসনের সাংসদ মো. হাবিবুর রহমানের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, জনবল ও চাহিদার তুলনায় পুলিশ বিভাগের বিদ্যমান যানবাহনের সংখ্যা অপ্রতুল।
“মফস্বল থানাগুলোতে জরুরি জননিরাপত্তা রক্ষার্থে যোগযোগের জন্য পুলিশের নিকট প্রয়োজনীয় সংখ্যক সরকারি যানবাহনের ঘাটতি রয়েছে।”
আরেক প্রশ্নের জবাবে পুলিশের অ্যাম্বুলেন্সের স্বল্পতা থাকার কথাও সংসদে তুলে ধরেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তবে পুলিশের কাছে থাকা যানবাহন বা অ্যাম্বুলেন্সের কোনো সংখ্যা তিনি জানাননি।
