২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেট আলোচনায় অর্থ মন্ত্রণালয়ের কেউ না থাকায় ক্ষোভ

জাতীয় সংসদে বাজেট আলোচনায় অর্থ মন্ত্রণালয়ের কেউ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন সরকারদলীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2015, 05:46 PM

Updated : 22 Aug 2022, 12:38 PM

বাজেটের সাধারণ আলোচনায় অংশ নিয়ে রোববার আবুল কালাম আজাদ বলেন, “কোন কোন জায়গায় বাজেট কীভাবে বাস্তবায়িত হবে, সেই ব্যাপারে দিক-নির্দেশনা নাই।

“সংসদ সদস্যরা তাদের অভিজ্ঞতা দিয়ে সংসদে সেই ব্যাপারে আলোচনা করেন। কিন্তু সংসদে মন্ত্রণালয়ের কর্মকর্তারা থাকেন না। অর্থমন্ত্রীও এখন নাই। থাকলে ভালো হত।”

অর্থমন্ত্রীর অনুপস্থিতিতে দেওয়া বক্তব্যে সাবেক মন্ত্রী আজাদ বলেন, “অর্থমন্ত্রী যদি না থাকেন, তাহলে সংসদ সদস্যরা কী বক্তব্য দিচ্ছেন, সেটা কীভাবে দেখা হবে। দেখেন কর্মকর্তারা এখনও নাই।

“সংসদীয় গণতন্ত্রের মূল কথা হচ্ছে, সংসদে পরামর্শ আলাপ-আলোচনার ভিত্তিতে যা কিছু উঠে আসবে, সেগুলোও বিবেচনায় নিতে হবে।”

সংসদে আলোচনার পর পদক্ষেপ না নেওয়ার দৃষ্টান্তও তুলে ধরেন এই সংসদ সদস্য।

তিনি বলেন, “ইনকাম ট্যাক্সের কথা আমরা বহুবার বলেছি। দেশের ১৬ কোটি মানুষ। এনবিআর কত জনের কাছ থেকে ট্যাক্স নেয়। থাইল্যান্ডে ১৮ দশমিক শূন্য ৮, জাপানে ১৭ ভাগ মানুষ কর দেয়।

“গ্রামে-গঞ্জে দেখি, কোটি কোটি টাকার ব্যবসা করছে। তারা ট্যাক্স দেয় না। তাদেরকে জিজ্ঞেস করি, ট্যাক্স দাও? তারা বলে, কেউ তো বলেনি। যারা জানে, তারা বলে ট্যাক্সের সিস্টেম এমনভাবে করে রেখেছেন, কীভাবে দেব?”

বাজেট ঘাটতি অভ্যন্তরীণ উৎস থেকে মেটানো সম্ভব দাবি করে তার একটি পথও বাতলে দেন তিনি। 

“ক্ষুদ্র-মাঝারি-বড় মাপের সাড়ে তিন কোটি ব্যবসায়ী রয়েছেন। ৭০-৮০ লাখ মানুষ থেকে ট্যাক্স নেওয়া তো কোনো ব্যাপারই না।”

শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ খাতে বরাদ্দ কমানোর সমালোচনাও করেন আবুল কালাম আজাদ।