সোয়া ৭০০ কোটি টাকার ফসল ইঁদুরের পেটে
চলতি অর্থবছরে সারাদেশে ৭২৩ কোটি ৭২ লাখ ৭ হাজার ৩৫৫ টাকার ফসল গেছে ইঁদুরের পেটে।
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী রোববার জাতীয় সংসদে এ তথ্য তুলে ধরেন।
চট্টগ্রামের সংসদ সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নে মন্ত্রী বলেন, ২০১৪-১৫ অর্থবছরে ইঁদুরের কারণে দুই লাখ ৩৭ হাজার ৭৪৪ মেট্রিক টন ধানের ক্ষতি হয়েছে, যার বাজারমূল্য ৪৩৯ কোটি ৮২ লাখ ৭৯ হাজার ৩৫০ টাকা।
আর চালের ক্ষতির পরিমাণ ৬২ হাজার ৭৬৪ মেট্রিক টন, যার বাজারমূল্য ২০০ কোটি ৮৪ লাখ ৮০ হাজার টাকা।
এই সময়ে ইঁদুরের কারণে গমের ক্ষতি পরিমাণ ২৯ হাজার ৬৬০ মেট্রিক টন। আর্থিক বিচারে এর পরিমাণ ৮৩ কোটি চার লাখ ৮০ হাজার টাকা।
কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বাংলাদেশে বছরে ৩ কোটি ৩৮ লাখ ৩৩ হাজার মেট্রিক টন চাল ও ১২ লাখ ৫৪ হাজার মেট্রিক টন গম উৎপাদন হয়। এই হিসাবে চলতি অর্থবছরে ইঁদুরের কারণে নষ্ট হওয়া শষ্যের পরিমাণ মোট উৎপাদিত খাদ্যের প্রায় ১ শতাংশ।
আরেক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী জানান, চলতি অর্থবছরে এ পর্যন্ত দেশে ৬৯ হাজার ৪০৩ মেট্রিক টন বীজ তুলা থেকে এক লাখ ৫২ হাজার ৫৩৪ বেল আঁশ তুলা উৎপাদন হয়েছে।
“বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বস্ত্র উৎপাদনকারী দেশ। স্থানীয় চাহিদার পাশাপাশি দেশের বস্ত্র শিল্পে তুলার চাহিদা দিন দিন বাড়ছে। উৎপাদিত তুলা দেশের বর্তমান চাহিদার ২ থেকে ৩ শতাংশ মেটাতে সক্ষম।”
সাংসদ গোলাম দস্তগীর গাজীর এক প্রশ্নে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানান, বর্তমান সরকারের সময়ে মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের জন্য ১৪৮ কোটি টাকা ব্যয় করা হয়েছে। এছাড়া চলতি অর্থবছরে পুনর্বাসন কার্যক্রমে আরও প্রায় ১২৩ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
বাংলাদেশে নারী মুক্তিযোদ্ধার সংখ্যা ২০৯ জন বলে আরেক প্রশ্নের জবাবে জানান মন্ত্রী।
সাংসদ মনোয়ারা বেগমের প্রশ্নের জবাবে বিমান পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন জানান, ২০১৪-১৫ অর্থ বছরে (মার্চ ২০১৫ পর্যন্ত) পর্যটন শিল্পের মাধ্যমে বাংলাদেশ ৯১০ কোটি ৬৫ লাখ টাকার সমপরিমাণ বিদেশি মুদ্রা আয় করেছে।
