২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাণিজ্য প্রসারে জরুরি আঞ্চলিক কানেক্টিভিটি’

সমন্বিত আঞ্চলিক কানেক্টিভিটির মাধ্যমে দক্ষিণ এশিয়ার দেশগুলো অর্থনৈতিকভাবে দ্রুত অগ্রসর হতে পারে বলে এক আলোচনায় অভিমত এসেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2015, 07:35 PM

Updated : 12 Oct 2022, 03:53 PM

শনিবার রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে ‘পরিবহন কানেক্টিভিটির মাধ্যমে দক্ষিণ এশিয়ার বাণিজ্য সুবিধা’ শীর্ষক আলোচনা হয়।

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) আয়োজিত এই আলোচনা সঞ্চালনা করেন সংস্থাটির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান।

রেহমান সোবহান বলেন, “দক্ষিণ এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নে সবচেয়ে ভালো ফল পেতে সমন্বিত আঞ্চলিক কানেক্টিভিটি তৈরি করতে হবে।”

সম্প্রতি ভূটানের রাজধানী থিম্পুতে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভূটানের মধ্যে সড়ক যোগাযোগ চুক্তিকে স্বাগত জানিয়ে তিনি বলেন, সড়ক, রেল, নদী ও সাগর পথে সমন্বিতভাবে আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার কোনো বিকল্প নেই।

চীনের কুনমিং থেকে মিয়ানমার-বাংলাদেশ হয়ে কলকাতা পর্যন্ত দ্রুত গতির রেল লাইন নির্মাণে চীনের আগ্রহ প্রকাশের কথা তুলে ধরে সিপিডি চেয়ারম্যান বলেন, “এই রেল লাইন নির্মাণ হলে এ অঞ্চলে ব্যাপকভাবে অর্থনৈতিক উন্নয়নের সুযোগ তৈরি হবে।”

আঞ্চলিক কানেক্টিভিটি নিয়ে সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সামগ্রিক অর্থনীতিকে এগিয়ে নিতে আন্তঃযোগাযোগের পাশাপাশি দেশগুলোর মধ্যেও উন্নত যোগাযোগ গুরুত্বপূর্ণ।

সে লক্ষ্যেই সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে বলে জানান মন্ত্রী।

তিনি জানান, ইতোমধ্যে ৮০ কোটি টাকা ব্যয়ে ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ের সম্ভাব্যতা যাচাই হয়েছে। আগামী ৩০ জুন ঢাকা ময়মনসিংহ চারলেন সড়ক নির্মাণ কাজ শেষ হবে। আর দেশের অর্থনীতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। বিশেষ অতিথির বক্তব্যে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেন, “বাংলাদশে, ভারত, নেপাল ও ভুটানরে মধ্যে যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচলে চুক্তির ফলে ব্যবসার নতুন সুযোগ ও সম্ভাবনা সৃষ্টি হয়েছে।

“এই সংযোগ ও আঞ্চলিক সহযোগিতার কারণে দক্ষিণ এশিয়া ব্যবসা ও রাজনীতির র্শীষ অঞ্চল হিসেবে আত্মপ্রকাশ করবে। এছাড়াও বাংলাদেশের সম্ভাবনাময় র্পযটন খাতের জন্য সুযোগ তৈরি হবে।”

ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত পঙ্কজ শরণ বলেন, “বাংলাদেশ ভারতের মধ্যে কানেক্টিভিটির মাধ্যমে দুই দেশই লাভবান হবে। এরই মধ্যে বিদ্যুৎ, পানি, ট্রানজিট ও বাণিজ্যিক লেনদেন শুরু হয়েছে। এ কানেক্টিভিটি ভারত, নেপাল, ভূটান ও বাংলাদেশসহ দক্ষিণ এশীয় দেশগুলোর বিশাল অর্থনৈতিক উন্নয়ন হবে।”

অবশ্য ‘ট্রানজিটের ফি নির্ধারণের ক্ষেত্রে নিজ নিজ দেশের আইন অনুসরণ করা উচিত বলে মনে করেন তিনি।

“একই সঙ্গে ফি নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যবহারকারীদের নিয়ে বৈঠক করা উচিত।”

তিনি উদাহরণ দিয়ে বলেন, “বাংলাদেশে ভারত থেকে সিমেন্ট কারখানার জন্য ফ্লাইঅ্যাশ ভর্তি অনেক কার্গো আসে। কিন্তু যেতে হয় একদম খালি। তাই এক্ষেত্রে ওই ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে ফি (মাশুল) নির্ধারণ করা যৌক্তিক বলে মনে করি।”

পঙ্কজ শরণ বলেন, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের জন্য আরও ২০০ কোটি ডলার (২ বিলিয়ন) ঋণ দেওয়ার যে ঘোষণা করেছে তা বাংলাদেশের সরকারের অগ্রাধিকার প্রকল্পে ব্যবহার করতে পারবে।

অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক ড. মোস্তাফিজুর রহমান। এতে তিনি চার দেশের জন্য সড়ক পথে বাংলাদেশের আটটি সম্ভাব্য রুটের প্রস্তাব করেন।

রুটগুলো হচ্ছে, ভারতের সঙ্গে তিনটি- কলকাতা-বেনাপোল ও ঢাকা আখাওড়া। আগরতলা-আখাওড়া চট্টগ্রাম, সিলচর-সতারকান্দি-চট্টগ্রাম।

নেপালের সঙ্গে দুটি, কাঠমান্ডু কাকরভিটা-বাঙলাবান্ধা-হটিকামরুল- মংলা। কাঠমান্ডু-কাকরভিটা-বাঙলাবান্ধা-চট্টগ্রাম।

এছাড়া ভূটানের সঙ্গে তিনটি- সামদ্রুপ জংখার-গুয়াহাটি-শিলং-তামাবিল-সিলেট-চট্টগ্রাম। অপর দুটি হচ্ছে, থিম্পু-ফুয়েন্টশিলং-জয়গাঁও-বুরিমারি-হাটিকামরুল-মংলা এবং থিম্পু-ফুয়েন্টশিলং-জয়গাঁও-বুরিমারি-হটিকামরুল চট্টগ্রাম।

গত ১৫ জুন বাংলাদেশ, ভারত, নেপাল ও ভূটানরে মধ্যে যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচলে চুক্তি স্বাক্ষর হয়। বাংলাদেশের পক্ষে সড়ক পরবিহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের চুক্তিতে স্বাক্ষর করনে। ভূটানের রাজধানী থিম্পুতে এ চুক্তি স্বাক্ষরিত।

এ চুক্তির অধীনে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক-লরি ও ব্যক্তিগত ব্যবহারের গাড়ি চলতে পারবে। শুল্ক ও অভিবাসন কর্তৃপক্ষের সব আনুষ্ঠানকিতা সম্পন্ন হবে নিজ নিজ দেশের আইনে। তবে ট্রানজিট ও চলাচলের অনুমতি সংক্রান্ত ফি নির্ধারিত আলোচনার মাধ্যমে ঠিক করা হবে।