আইন কমিশনের ভবনের জন্য বরাদ্দ চেয়ে মন্ত্রীকে চিঠি
আইন কমিশনের জন্য নিজস্ব ভবন নির্মাণ এবং প্রতিবছর অন্তত দুইশ জন করে বিচারক নিয়োগের জন্য বাজেটে বরাদ্দ চেয়ে অর্থমন্ত্রীর কাছে চিঠি পাঠানো হয়েছে।
আইন কমিশনের চেয়াম্যান এ বি এম খায়রুল হক গত মঙ্গলবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে এ চিঠি পাঠান।
চিঠিতে বলা হয়, “ক্রমবর্ধমান মামলার চাপে বিচার বিভাগ ন্যুজ হয়ে পড়েছে। প্রায় ৩০ লাখের উপরে অনিষ্পত্তিকৃত মামলার বিচারে মাত্র ১৬০০ থেকে ১৭০০ বিচারক রয়েছেন। সে কারণে বিচারকের সংখ্যা বাড়ানো এবং ভৌত কাঠামো ও কারিগরি সহায়তা বাড়ানো জরুরি।
ফাইল ছবি
২০১৫-২০১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মামলার জট নিরসনে তেমন কোনো উদ্যোগের কথা বলা হয়নি। গত ৪ জুন অর্থমন্ত্রী জাতীয় সংসদে বাজেট প্রস্তাব করেন, যা আগামী ৩০ জুন পাস হওয়ার কথা।
আইন কমিশনের চেয়াম্যানের চিঠিতে বলা হয়, বর্তমানে বিচার প্রশাসন ইনস্টিটিউট ভবনের তিনটি তলার মাত্র সাতটি কক্ষে আইন কমিশনের কাজ চলছে। আইন কমিশনের স্থান সঙ্কট সমাধানে এই ইনস্টিটিউট ভবনের দশম ও একাদশ তলা সম্প্রসারণ করে যথাযথ পরিসরে প্রয়োজনীয় সংখ্যক কক্ষ নির্মাণে বাজেট বরাদ্দসহ আনুষঙ্গিক বিষয়ে পদক্ষেপ নিতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছিল।
“আইন কমিশনের নিজস্ব স্থাপনা- ঠিকানার বিষয়, বহুতল ভবন নির্মাণের বিষয়েও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভায় আলোচনা হয়েছিল।”
“একটি আস্থাশীল, কার্যকর, গতিময় বিচার বিভাগ ও দেশের স্থিতিশীল উন্নয়নের স্বার্থে এ বিষয়টি বিবেচনা করা জরুরি,” বলা হয়েছে চিঠিতে।
