রাজস্ব লক্ষ্য পূরণ হবে: পরিকল্পনামন্ত্রী
প্রস্তাবিত বাজেটের রাজস্ব লক্ষ্যমাত্রার সমালোচকদের জবাবে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল শনিবার এক আলোচনা সভায় লক্ষ্য অর্জনের উপায় বাতলেছেন।
বাজেট পর্যালোচনার জন্য বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির এক সভায় মন্ত্রী বলেন, নতুন অর্থবছরের জন্য অতিরিক্ত ৪০ হাজার ৯৪২ কোটি টাকার অর্থায়ন করতে হবে।
প্রস্তাবিত বাজেট ব্যাখ্যা করে তিনি বলেন, “নতুন অর্থবছরের বাজেট বাস্তবায়নের জন্য কর আদায় ব্যবস্থাপনা ডিজিটাইজেশনের মাধ্যমে অতিরিক্ত কর আদায় হবে ১১ হাজার ৬৪ কোটি টাকা।
“তামাক খাত থেকে অতিরিক্ত আদায় হবে ৪ হাজার ৫০০ কোটি টাকা, মোবাইল কোম্পানিগুলোর কাছ থেকে ১ হাজার কোটি টাকা, সেবা খাত থেকে ৪০০ কোটি টাকা, গার্মেন্টস খাত থেকে ১ হাজার ৬০০ কোটি টাকা এবং মামলাজনিত কারণে ঝুলে থাকা ২৬ হাজার কোটি টাকা আগামী অর্থবছরেই শেষ করে ওই অর্থ আদায় করবে সরকার।”
তাতে বাড়তি অর্থের মোট অংক দাঁড়ায় সাড়ে ৪৪ হাজার কোটি টাকা।
“এছাড়াও, আমরা কর কাঠামোতে ইতোমধ্যে সংস্কার শুরু করেছি।”
রাজস্ব উত্তোলনের প্রবৃদ্ধি ৩০ শতাংশ হলে লক্ষ্যমাত্রা পূরণ হবে-এই প্রক্ষেপন দিয়ে মন্ত্রী তার বক্তব্যের পক্ষে তথ্য-উপাত্ত তুলে ধরেন।
আয়কর দাতার সংখ্যা বাড়াতে অর্থমন্ত্রীর পরিকল্পনার বিস্তারিত ব্যাখ্যা করে তিনি বলেন, “কর দাতার আওতা বাড়াতে আমরা জেলা ছাড়াও বর্তমানে ৮৫টি উপজেলায় কর অফিস করেছি। তাছাড়া আগামী জানুয়ারি থেকে সব ধরনের কর প্রদান ডিজিটাল পদ্ধতিতে হবে। সেই সাথে শুল্ক কাঠামোতেও প্রয়োজনীয় সংস্কার আনা হচ্ছে।”
এভাবেই আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে অর্থায়ন নিয়ে সমালোচকদের সংশয় দূর করার চেষ্টা করেন পরিকল্পনামন্ত্রী।
সিপিডি আয়োজিত ‘২০১৫-১৬ অর্থবছরের জাতীয় বাজেট বিশ্লেষণ’ শীর্ষক এই সংলাপের প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান সংলাপ সঞ্চালনা করেন।
এতে মানসম্পন্ন প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হয় না বলে মত দেন স্বাধীনতাত্তোর বঙ্গবন্ধু সরকারের প্রথম পরিকল্পনা কমিশনের এই সদস্য। এ অবস্থা থেকে বেরিয়ে আসার পরামর্শ দেন তিনি।
সরকারের পরিবীক্ষণের অভাবেও নিম্নমানের কাজ হচ্ছে বলে মন্তব্য করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা।
তিনি বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগকে (আইএমইডি) শক্তিশালী করার পরামর্শও দেন মন্ত্রীকে।
তার বক্তব্যে সহমত পোষণ করে মন্ত্রী এডিপিতে অর্থের অপচয় হচ্ছে স্বীকার করে বলেন, “আমাদের এখানে প্রকল্পে শেষ প্রান্তিকে এসে প্রথম তিন প্রান্তিকের সমান ব্যয় হয়। সবসময়ই এ ধারা চলে আসছে। ফলে অপচয় বেড়ে যায়। এর বহুমুখী আমলাতান্ত্রিক কারণ রয়েছে। আমরা এখানেও সংস্কার আনছি। আগে যেখানে প্রতি প্রান্তিকেই পরিকল্পনা ও অর্থ মন্ত্রণালয় থেকে অর্থ ছাড়ের অনুমতি লাগতো এখন এক্ষত্রে শুধু শেষ প্রান্তিকে এ অনুমোদন লাগে। আমি আশা করছি এর সুফল আগামী বছর থেকে দেখা যাবে।”
সভায় বিশেষ অতিথির বক্তব্যে সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী কাঙ্ক্ষিত বেসরকারি বিনিয়োগ না হওয়ার সমালোচনা করে বলেন, “দেশে গণতন্ত্র, রাজনৈতিক স্থিতিশীলতা না থাকার ফলে এমনটা হচ্ছে।”
আমীর খসরুকে উদ্দেশ্য করে প্রশ্ন রেখে তিনি বলেন, “আপনার দল জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাস রাজনীতির নামে যেভাবে সহিংসতা চালিয়েছে তাতে বিনিয়োগ কীভাবে আসবে? পেট্রোল বোমার ভয় নিয়ে মানুষ তখন গাড়িতে উঠত। তারপরও জিডিপি প্রবৃদ্ধি শতকরা ৬ দশমিক ৫১ ভাগ হয়েছে এই সাধারণ মানুষের অদম্য আকাঙ্ক্ষায়। পরিস্থিতি স্বাভাবিক থাকলে ৭ শতাংশ প্রবৃদ্ধি হতো।”
অনুষ্ঠানের আরেক বিশেষ অতিথি অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেন, “বাজেট হচ্ছে রাষ্ট্রের সকল স্তরের জনগণের সঙ্গে একটি আপোষের দলিল।”
সভার মূল প্রবন্ধে সিপিডির নির্বাহী পরিচালক অধ্যাপক মোস্তাফিজুর রহমান নতুন বাজেটে রাজস্ব আহরণ টার্গেট খুবই বেশি মন্তব্য করে জেলা বাজেট না থাকার সমালোচনা করেন।
