প্রাথমিক শিক্ষায় ১২ কোটি ডলার দেবে এডিবি
বাংলাদেশের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সহজ শর্তে ১২ কোটি ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
সোমবার শেরে বাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলনকক্ষে এ বিষয়ে এডিবি ও সরকারের মধ্যে চুক্তি সই হয়েছে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডির) সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন ও এডিবির আবাসিক প্রতিনিধি কাজুহিকো হিগুচি চুক্তিতে সই করেন।
বর্তমান বিনিময় হার অনুযায়ী ৯৩৬ কোটি টাকার এই ঋণ ৫ বছরের রেয়াতকালসহ ২৫ বছরে পরিশোধ করতে হবে, যার সুদহার হবে ২ শতাংশ।
অনুষ্ঠানে ইআরডি সচিব জানান, ২০১১ সাল থেকে ‘প্রাথমিক শিক্ষার উন্নয়ন কর্মসূচী (তৃতীয় পর্য়ায়)’ শীর্ষক প্রকল্প শুরু হয়। এ কর্মসূচির সংশোধিত প্রাক্কলিত ব্যয় ৯৮০ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার বা ৭৬ হাজার ৫০০ কোটি টাকা।
এতে সরকারের নিজস্ব তহবিল থেকে ৮০৮ কোটি ৫৫ লাখ ডলারের সমপরিমাণ অর্থ যোগান দিচ্ছে। বাকি ১৭২ কোটি ডলার অর্থায়ন করছে বিশ্ব ব্যাংক ও এডিবিসহ নয়টি দাতাসংস্থার গঠিত একটি কনসোর্টিয়াম।
এর মধ্যে বিশ্বব্যাংক ৪০ কোটি ডলার, ইউরোপীয় ইউনিয়ন ৪ কোটি ৬৫ লাখ ডলার এবং গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন ১০ কোটি ডলারের যোগান দিতে চুক্তিবদ্ধা হয়েছে।
