২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমদানি ঋণপত্র খোলা বেড়েছে

চলতি অর্থবছরের প্রথম নয় মাসে বিভিন্ন আমদানির জন্য ব্যবসায়ীদের ঋণপত্র খোলা বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2015, 09:47 PM

Updated : 22 Aug 2022, 12:14 PM

২০১৪-১৫ অর্থবছরের জুলাই-মার্চ সময়ে আমদানিকারকরা ৩ হাজার ২৩০ কোটি ৬৮ লাখ ডলারের ঋণপত্র খুলেছেন, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৯৭ শতাংশ বেশি।

রোববার প্রকাশিত আমদানি বিষয়ক বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এই নয় মাসে দুই হাজার ৮৭৮ কোটি ৮৭ লাখ ডলারের আমদানি নিষ্পত্তি হয়েছে, যা আগের একই সময়ে ছিল দুই হাজার ৭৩৭ কোটি ৪৮ লাখ ডলার।

আমদানি ঋণপত্র খোলার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে চালে।  প্রধান এই খাদ্যপণ্য আমদানিতে আগের অর্থবছরের তুলনায় ৬৫ দশমিক ৮৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

এরপরে রয়েছে ডাল আমদানিতে ঋণপত্র খোলার অবস্থান। এই পণ্যটিতে ঋণপত্র খোলায় ৫৯ দশমিক ৫৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

এছাড়া পরিশোধিত ভোজ্যতেল, তেল বীজ তুলা, ওষুধ শিল্পের কাঁচামাল, টেক্সটাইল ফেব্রিকস, রাসায়নিক, রাসায়নিক সার, কয়লা আমদানিতেও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে।

শিল্পের মধ্যবর্তী পণ্য আমদানিতে ১০ দশমিক ৫৪ শতাংশ এবং মূলধনী যন্ত্রপাতি আমদানিতে ঋণপত্র খোলায় ৫ দশমিক ৬৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।