২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সংশোধনে’ এডিপি কমল ৬.৬১%

বাস্তবায়নের ধীর গতির কারণে প্রতিবছরের মতো এবারও বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) কাঁচি চালিয়েছে সরকার, বরাদ্দ কমিয়ে আনা হয়েছে ৬ দশমিক ৬১ শতাংশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2015, 03:17 PM

Updated : 25 Apr 2022, 01:07 PM

অর্থবছরের আট মাসের মাথায় মূল এডিপি থেকে পাঁচ হাজার ৩১৫ কোটি টাকা কমিয়ে ৭৫ হাজার কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন করা হয়েছে, যদিও পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বার বার শতভাগ এডিপি বাস্তবায়নের আশার কথা ‍শুনিয়েছিলেন।

মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে সংশোধিত এই এডিপি অনুমোদন করা হয় বলে পরিকল্পনামন্ত্রী জানান।

সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সংশোধিত এডিপির মধ্যে ৫০ হাজার ১০০ কোটি টাকা আসবে স্থানীয় মুদ্রায়। আর বিদেশি সহায়তা হিসাবে পাওয়া যাবে ২৪ হাজার ৯০০ কোটি টাকা।

প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বলেও মুস্তফা কামাল জানান।

“যেসব মন্ত্রণালয় ভালো করেছে, সংশোধিত এডিপিতে তাদের বরাদ্দ বাড়িয়ে দেওয়া হয়েছে। আবার যারা খারাপ করছে, তাদের অর্থ কমানো হয়েছে।”

চলতি অর্থবছরের বাজেটে এডিপির আকার ধরা হয় ৮০ হাজার ৩১৫ কোটি টাকা। প্রকল্প বাস্তবায়ন আশানুরুপ না হওয়ায় এডিপির আকার বরাবরের মতোই কমিয়ে আনা হয়।

তবে এডিপির পুরো বাস্তবায়নের জন্য অর্থবছরের শুরু থেকেই নানা উদ্যোগ নিয়েছিলেন মন্ত্রী। মাঠে কাজের গতি দেখতে বেশ কিছু বড় প্রকল্প পরিদর্শনের পাশাপাশি সব প্রকল্প পরিচালকের সঙ্গে একাধিক সভাও করেছিলেন। কিন্তু এডিপি বাস্তবায়নে গতি আসেনি খুব একটা।

গত ৮ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী বলেছিলেন, “রাবার দিয়ে মুছে নয়, কম্পিউটারে ক্লিক করে নয়, যথাযথভাবেই শতভাগ এডিপি বাস্তবায়ন করা হবে।”

কিন্তু শেষ পর্যন্ত তাকেও পূর্বসূরিদের মতো এডিপি কাটছাঁটের পুরোনো পথে হাঁটতে হলো।

সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী বলেন, চলতি অর্থবছরের প্রথম আট মাসে মূল এডিপির ৩৮ শতাংশ বাস্তবায়ন হয়েছে। অর্থবছর শেষে এই হার প্রতিবারের মতোই ৯০ শতাংশ ছাড়িয়ে যাবে।

তিনি জানান, সংশোধিত এডিপিতে পরিবহন, বিদ্যুৎ এবং  শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। পদ্মাসেতু প্রকল্পের জন্য ৮ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

পরিকল্পনা কমিশনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ৫ হাজার ৮৭২ কোটি টাকা কমানোর পর গত ২০১৩-১৪ অর্থবছরে সংশোধিত এডিপির আকার ছিল ৬০ হাজার কোটি টাকা।

এর আগেরবার, অর্থাৎ ২০১২-১৩ অর্থবছরে সংশোধিত এডিপির আকার ছিল ৫২ হাজার কোটি টাকা। সেবার ২ হাজার ৬৩৪ কোটি টাকা কমানো হয়েছিল।

২০১১-১২ অর্থবছরে কাটছাঁট হয়েছিল ৪ হাজার ৯২০ কোটি টাকা। তখন সংশোধিত এডিপির আকার দাঁড়িয়েছিল ৪১ হাজার ৮০ কোটি টাকা।

কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) মূল এডিপির ৩২ শতাংশ বাস্তবায়িত হয়েছে, যা গত চার বছরের মধ্যে সর্বনিম্ন। এ সময়ে খরচ হয়েছে ২৫ হাজার ৮৫৮ কোটি টাকা।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত অর্থবছর (২০১৩-১৪) জুলাই-জানুয়ারি সময়ে এডিপির ৩৩ শতাংশ এবং তার আগের অর্থবছর এডিপির ৩৮ শতাংশের বাস্তবায়ন হয়েছিল। এর আগে ২০১১-১২ অর্থবছরে ওই সময়ে বাস্তবায়নের হার ছিল ৩৪ শতাংশ।