২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭২ জাপানির ব্যাংক হিসাবের তথ্য চেয়ে চিঠি

বাংলাদেশে বসবাসরত জাপানের ৭২ জন নাগরিকের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বিভিন্ন ব্যাংকে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2015, 04:27 PM

Updated : 22 Aug 2022, 11:41 AM

জাপানি নাগরিকদের পাসপোর্ট নম্বর, জন্ম ও স্থান উল্লেখ করে গত ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে এই চিঠি দেওয়া হয়। 

গত বছর বাংলাদেশে কার্যরত ব্যাংকগুলোর কাছে কমপক্ষে ১৫০ বিদেশি নাগরিকের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ।

নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে জাপানি নাগরিকদের হিসাবেরও তথ্য চাওয়া হয়েছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ব্যাংকের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটমকে তিনি বলেন,“বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিটের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিটের দ্বিপক্ষীয় চুক্তি রয়েছে। এছাড়া আমরা (বিএফআইইউ) এগমন্ড গ্রুপের সদস্য। ফলে এসব দেশের সঙ্গে আমরা তথ্য আদান-প্রদান করছি। এজন্যই বিভিন্ন দেশের নাগরিকদের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হচ্ছে।”

মুদ্রা পাচার ও সন্ত্রাসে অর্থায়ন বিষয়ক এগমন্ড এবং দেশের আইন মেনেই এটা করা হচ্ছে বলে জানান তিনি।

বিএফআইইউ সন্দেহজনক লেনদেন, নগদ লেনদেন, মুদ্রা পাচার ও সন্ত্রাসে অর্থায়ন সংক্রান্ত বিষয় বিশ্লেষণ করে থাকে। একই সঙ্গে অন্যান্য দেশের সঙ্গে মুদ্রা পাচার ও সন্ত্রাসে অর্থায়ন সংক্রান্ত তথ্য বিনিময়ে এই সংস্থা রাষ্ট্রীয়ভাবে দায়িত্বপ্রাপ্ত।

২০১৩ সালের জুলাইয়ে বিএফআইইউ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিটের বৈশ্বিক সংগঠন এগমন্ড গ্রুপের সদস্যপদ লাভ করে।

এছাড়া বিএফআইইউর সঙ্গে ২০টির বেশি দেশের তথ্য আদান-প্রদান বিষয়ে দ্বিপক্ষীয় চুক্তি রয়েছে।