৫ বছরেই জিডিপির ১% জোগাবে তথ্য প্রযুক্তি, আশা জয়ের
আগামী পাঁচ বছরের মধ্যে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) তথ্য প্রযুক্তি খাত এক শতাংশ অবদান রাখবে বলে আশা প্রকাশ করেছেন সজীব ওয়াজেদ জয়।
মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৫’ এর দ্বিতীয় দিনে মিনিস্ট্রিয়াল কনফারেন্সে উপস্থাপিত প্রবন্ধে এই আশার কথা জানান তিনি।
প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জয় ‘তলাবিহীন ঝুড়ি থেকে ডিজিটাল বাংলাদেশ’ শীর্ষক ওই প্রবন্ধে আওয়ামী লীগ সরকারের প্রতিশ্রুতি এবং তা বাস্তবায়নে নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।
তিনি বলেন, “যখন বাংলাদেশের কোনো খাতে ডিজিটালাইজেশন চালু হয়নি, তখন আমরা ডিজিটাল বাংলাদেশের পরিকল্পনা নিয়ে এগিয়েছি।
“এক সময় বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলা হত। এখন আর তলাবিহীন ঝুড়ির দেশ নেই। এখন এ দেশ ডিজিটাল বাংলাদেশ।”
‘ওয়ান বাংলাদেশ ভিশন’ এর লক্ষ্য জানাতে গিয়ে জয় বলেন, “৫ বছর পর আইটি খাত থেকে রপ্তানি করে অর্জন হবে ১ বিলিয়ন মার্কিন ডলার, আইটি প্রফেশনাল তৈরি হবে ১ মিলিয়ন, প্রতি বছর ইন্টারনেট ব্যবহারকারী এক কোটি বাড়বে এবং আইসিটি খাত থেকে জিডিপিতে অবদান থাকবে ১ শতাংশ।”
নবম সংসদ নির্বাচনের আগে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রীপুত্র বলেন, ২০০৮ সালে বাংলাদেশে দারিদ্র্যের হার ছিল ৪০ শতাংশ, ২০১৪ সালে তা ২৬ শতাংশে নেমে এসেছে। স্বাক্ষরতার হার ৪৯ থেকে ৬৫ শতাংশে উন্নীত হয়েছে, বিদ্যুতের আওতা ২৭ থেকে বেড়ে ৬২ শতাংশ হয়েছে, ইন্টারনেট গ্রাহক শূন্য দশমিক ৪ শতাংশ থেকে বেড়ে ২৭ শতাংশ হয়েছে, মোবাইল গ্রাহক ২০ মিলিয়ন থেকে ১২০ মিলিয়নে উন্নীত হয়েছে।
তিনি বলেন, বর্তমানে জনসংখ্যার ৬৫ শতাংশের বয়স ২৫ বছরের নিচে। এরা তথ্য প্রযুক্তি বিষয়ে প্রচণ্ড আগ্রহী। আইটি ফ্রি ল্যান্সিংয়ের হার বাড়ছে দ্রুত। ১০ হাজারের বেশি আইটি স্নাতক বের হচ্ছে প্রতি বছর।
সারাদেশে ৫৩ হাজার ডিজিটাল সেন্টার স্থাপনের তথ্য তুলে ধরে জয় বলেন, “জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। আগামীতে জনগণকে সেবা পেতে কোথাও দৌড়াতে হবে না, নাগরিকের কাছেই পৌঁছে যাবে সব।”
সরকারি সব মন্ত্রণালয়, অধিদপ্তরের সঙ্গে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা স্থাপনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা জানান, গাজীপুরের কালিয়াকৈরসহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে ১২টি হাইটেক পার্ক করা হচ্ছে।
এ সময়ে বিশ্ব স্বীকৃতি হিসবে এমডিজি অ্যাওয়ার্ড ২০১০, ২০১১, দারিদ্র্য বিমোচন অ্যাওয়ার্ড ২০১৩, ডব্লিউএসআইএস ২০১৪, ডব্লিউআইটিএসএ গ্লোবাল আইসিটি অ্যাওয়ার্ড ২০১৪, সাউথ সাউথ কো-অপারেশন ভিশনারি অ্যাওয়ার্ড ২০১৪ অর্জনের বিষয়টি মনে করিয়ে দেন জয।
বাংলাদেশে প্রযুক্তিখাতে বিকাশের সুবিধার্থে কর অবকাশ সীমা ৩ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করার প্রস্তাবও রাখেন জয়।
তবে অনুষ্ঠানে উপস্থিত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত পরে বক্তব্য রাখতে গিয়ে এ বিষয়ে কিছু বলেননি।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সঞ্চালনায় ‘ডিজিটাল ইকোনমি : অপরচুনিটি অ্যান্ড চ্যালেঞ্জেস’ শীর্ষক মিনিস্ট্রিয়াল কনফারেন্সে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের মহাসচিব হাওলিন ঝাও, ভুটানের আইসিটিমন্ত্রী ডি এন ডানগাযেল, নেপালের মিনেন্দ্র প্রসাদ রিজা ও মালদ্বীপের মন্ত্রী আহমেদ আদিম উপস্থিত ছিলেন।
