২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমেছে খেলাপি ঋণ

ব্যাংকিং খাতে খেলাপি ঋণ কমেছে বলে দাবি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2015, 07:52 PM

Updated : 22 Aug 2022, 11:40 AM

সোমবার সরবরাহ করা বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়, ডিসেম্বর শেষে ব্যাংকিং খাতের অন্যতম প্রধান সমস্যা খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫০ হাজার ১৫৬ কোটি টাকা।

সেপ্টেম্বর শেষে যার পরিমাণ ছিল ৫৭ হাজার ২৯১ কোটি টাকা।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ সালের ডিসেম্বর শেষে খেলাপি ঋণের হার প্রায় ২ শতাংশ পয়েন্ট কমে ১০ শতাংশের নিচে নেমে এসেছে।

সেপ্টেম্বর শেষে মোট বিতরণ করা ঋণের ১১ দশমিক ৬ শতাংশ ছিল খেলাপি। ডিসেম্বর শেষে তা ৯ দশমিক ৬৯ শতাংশে নেমে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, ২০১৪ এর ডিসেম্বর শেষে ব্যাংকিং খাতে মোট ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ১৭ হাজার ৮৩৭ কোটি টাকা। যার মধ্যে খেরাপি ঋণের পরিমাণ ৫০ হাজার ১৫৬ কোটি টাকা।।

আগের প্রান্তিকে অর্থ্যাৎ সেপ্টেম্বর শেষে মোট বিতরণ করা ৪ লাখ ৯৩ হাজার ৭৫৪ কোটি টাকা ঋণের মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫৭ হাজার ২৯১ কোটি টাকা।

বেড়েছে খেলাপি ঋণ আদায়

প্রতিবেদনে বলা হয়, অক্টোবর-ডিসেম্বর তিন হাজার ৬৪ কোটি টাকার খেলাপি ঋণ আদায় হয়েছে। আগের প্রান্তিকে অর্থ্যাৎ জুলাই-সেপ্টেম্বর সময়ে আদায় হয়েছিল ২ হাজার ১২০ কোটি টাকা।

এ হিসাবে আলচ্য সময়ে নিট আদায় আগের প্রান্তিকের চেয়ে প্রায় ৪৫ শতাংশ বেড়েছে।

প্রভিশন না করা নিট খেলাপি ঋণের হার ডিসেম্বর শেষে দাঁড়িয়েছে ২ দশমিক ৬৮ শতাংশ, যা আগের প্রান্তিকে ছিল ৪ দশমিক ২৭ শতাংশ।

ঋণ শ্রেণিকরণ ও প্রভিশনিংয়ের নীতিমালা বিশ্বমানে উন্নীত করা, গুণমানের ঋণ প্রদান এবং ঋণ শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার প্রভাবে খেলাপি ঋণ কমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়, “গত বছরের তৃতীয় প্রান্তিকে খেলাপি ঋণ বাড়ায় ব্যাংকগুলোকে ঋণ আদায়ে আরো মনোযোগী হতে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে নির্দেশনা প্রদান করা হয়েছিল। সেই সঙ্গে সময়োপযোগী নীতি সমর্থনের কারণে খেলাপি ঋণের হার এক অঙ্কের ঘরে নেমে এসেছে।”

“তারপরও খেলাপি ঋণের কারণে ব্যাংকগুলোকেও বেশ খানিকটা চাপ নিতে হচ্ছে।”

প্রতিবেদনে বলা হয়, ব্যাংকগুলোকে সর্বক্ষণ গুণমানের ঋণ দেওয়ার সংস্কৃতি গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংক প্রতিনিয়ত তাগিদ দিয়ে আসছে। বিতরণ করা ঋণ আদায়েও ব্যাংকগুলোকে উৎসাহিত করা হচ্ছে। যার ফলে ঋণ আদায়ের হার বেড়েছে।

এছাড়া সম্প্রতি বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণবহির্ভূত প্রতিকূল পরিস্থিতিতে অনিচ্ছাকৃত খেলাপি হওয়া বৃহদাঙ্কের ঋণগুলো পুনর্গঠনে একটি নীতিমালা জারি করেছে। এ নীতিমালার কার্যকর প্রয়োগে সামনের প্রান্তিকে শ্রেণিকৃত ঋণের হার আরও কমবে বলে প্রতিবেদনে আশা প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৯ জানুয়ারি নতুন যে (জানুয়ারি-জুন) মুদ্রানীতি ঘোষণা করা হয়েছে তাতে ব্যাংকিং খাতের ভালো গ্রাহকদের কিছুটা সুবিধা দিতে নিয়ম-নীতি সংস্কার করার ইঙ্গিত দেওয়া হয়েছে।

তবে মন্দ গ্রাহকদের বিরুদ্ধে বরাবরই শক্ত অবস্থান নিতে দ্বিধা করবে না- এ বিষয়টিও স্পষ্ট করেছে কেন্দ্রীয় ব্যাংক।