অর্থনীতি ব্যবস্থাপনা ঝুঁকিতে: মুহিত
বিএনপি জোটের হরতাল-অবরোধে জনগণের সাড়া নেই বললেও সহিংসতার কারণে বাংলাদেশের অর্থনীতিতে মারাত্মক ক্ষতি হচ্ছে বলে স্বীকার করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এই কারণে জিডিপি প্রবৃদ্ধির কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে না বলে ধরে নিয়েছেন তিনি।
বিএনপি জোটের টানা অবরোধের মধ্যে শনিবার এক সংবাদ সম্মেলনে মুহিত ‘বাংলাদেশের অর্থ-সামাজিক অগ্রযাত্রা এবং সামষ্টিক অর্থনীতির সাম্প্রতিক অবস্থান’ শীর্ষক ২৯ পৃষ্ঠার একটি প্রতিবেদন উপস্থাপন করেন।
তিনি বলেন, “অবরোধ-হরতালসহ সহিংস রাজনৈতিক কর্মসূচিতে দেশের অর্থনীতির মারাত্মক ক্ষতি হচ্ছে। প্রতি দিনই ক্ষতির পরিমাণ বাড়ছে। এটা কোনো রাজনীতি না, এটা সন্ত্রাস। বাংলাদেশের উন্নয়নকে প্রতিহত করার জন্যই খালেদা জিয়া এটা করছেন।
“উনার (খালেদা জিয়া) সঙ্গে; উনার সন্ত্রাসী-জঙ্গি কর্মসূচির সঙ্গে দেশের একজন সাধারণ মানুষও নেই। উনার কর্মসূচি এখন ফুটো বেলুন। এমন বেলুন, যার ভেতরে এয়ারও (বাতাস) নেই।”
সহিংস রাজনীতিতে সরকারের অর্থনৈতিক ব্যবস্থাপনায় সমস্যা হচ্ছে কি না- এ প্রশ্নের উত্তরে মুহিত বলেন, “অবশ্যই সমস্যা হচ্ছে। যে সব লক্ষ্য সামনে রেখে আমরা বাজেট দিয়েছিলাম, তা এখন অনিশ্চয়তার মধ্যে পড়েছে। ৭ দশমিক ৩ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হবে বলে ধরেছিলাম। হয়ত ৭ দশমিক ২ শতাংশ হত, কিন্তু এখন দেখছি তারও কম হবে।”
হরতাল-অবরোধের যতটা প্রভাব রাজধানীতে পড়েছে, তার চেয়ে বেশি বাইরে বলে অর্থমন্ত্রীর পর্যবেক্ষণ।
“হরতাল-অবরোধে ঢাকায় হয়ত কিছু বোঝা যায় না, কিন্তু রাজধানীর বাইরের জেলাগুলোতে পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে।”
তাই ঢাকার বাইরের জেলাগুলোকে সচল করতে যা যা করার দরকার, তা সরকার করবে বলে জানান তিনি।
অতিরিক্ত পুলিশ, বিজিবি মোতায়েন করে দেশ সচল রাখতে গিয়ে অতিরিক্ত খরচ হচ্ছে কি না- এ প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, “অবশ্যই অতিরিক্ত বরাদ্দ দিতে হচ্ছে।”
তবে কী পরিমাণ অতিরিক্ত বরাদ্দ দেওয়া হচ্ছে, তার হিসাব এখনও করেননি তিনি।
সহিংসতায় অর্থনীতির কী পরিমাণ ক্ষতি হয়েছে- জনতে চাইলে অর্থমন্ত্রী বলেন, “এখন পর্যন্ত আমরা ক্ষতির কোনো হিসাব করিনি। তবে পর্যবেক্ষণ করছি। আগামী মার্চ মাসে সমন্বয় কাউন্সিলের বৈঠক হবে।”
চলমান সহিংসতার অবসান কবে বলে মনে করছেন- জিজ্ঞেস করলে মুহিত বিরক্তিভরে বলেন, “নো বডি নোউজ।
“আপনারা বলতে পারবেন? গত জানুয়ারিতে আমি আশা করেছিলাম, এক সপ্তাহের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। এমন আশা তো আমি করতেই পারি।”
খালেদা জিয়া বাংলাদেশের উন্নয়ন ব্যাহত করতে চায় দাবি করে অর্থমন্ত্রী বলেন, “আমরা গত ৫/৬ বছরে দেশের যে উন্নয়ন করেছি সেটা ধ্বংস করাই তার একমাত্র উদ্দেশ্য।
“কিন্তু আমি তাকে বলতে চাই। অনেক বাধা-বিপত্তি; চড়াই-উৎরাই পেরিয়েই কিন্তু গত কয়েক বছর ধরে আমরা ৬ শতাংশের বেশি জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছি। তিনি যত চেষ্টাই করুক না কেন; বাংলাদেশের মানুষ সব মোকাবিলা করে অর্থনীতির অগ্রযাত্রা অব্যাহত রাখবেন।”
দেশ কি এ অবস্থার মধ্য দিয়েই যাবে- প্রশ্ন করলে মুহিত বলেন, “বাংলাদেশ অদ্ভুত দেশ, চাইলেই হরতাল-অবরোধ হয়। তবে এর মধ্যেও জিডিপি প্রবৃদ্ধির হার ৬ শতাংশের ওপর থাকছে।”
দেশবাসীর প্রতি আপনার আহ্বান কী- প্রশ্ন করলে তিনি বলেন, “এই সহিংসতা যেটা দেশে হচ্ছে- সেটা আন্দোলন নয়, এটা সন্ত্রাস। আর এটা যারা করছে, তারা বাংলাদেশের শত্রু। আমি সচেতন ব্যক্তিদের এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানাই।”
সচিবালয়ে সংবাদ সম্মেলনে মুহিত অর্থনৈতিক ও সামাজিক খাতে গত পাঁচ বছরের উন্নয়নের তুলনামূলক চিত্র তুলে ধরেন।
অর্থ সচিব মাহবুব আহমেদ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মেজবাহউদ্দিন আহমেদ এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমানও বক্তব্য রাখেন।
