বেড়েছে রপ্তানি আয়
গোটা জানুয়ারি মাসজুড়ে বিএনপি জোটের ডাকা হরতাল-অবরোধের মধ্যেও বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, সদ্য শেষ হওয়া জানুয়ারি মাসে গত বছরের জানুয়ারি চেয়ে প্রায় ৫ শতাংশ বেশি রপ্তানি আয় এসেছে।
আর চলতি ২০১৪-১৫ অর্থবছরের প্রথম সাত মাসের (জুলাই-জানুয়ারি) হিসাবে রপ্তানি আয় বেড়েছে ২ শতাংশের বেশি।
রপ্তানিকারক ও অর্থনীতিবিদরা বলছেন, মাসজুড়ে সহিংসতা ও আতঙ্ক না থাকলে জানুয়ারিতে রপ্তানি আয় আরও বেশি আসত।
তবে বর্তমানের অস্থিরতার প্রভাব আগামীতে পড়বে বলে মনে করেন রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম।
“এখন আমাদের রপ্তানির পিক মৌসুম চলছিল। নভেম্বর মাস থেকেই রপ্তানি আয় বাড়ছিল। সহিংসতা না থাকলে অর্থবছরের বাকি মাসগুলোতেও রপ্তানি আয় বাড়ত।”
“এখন সব হিসাব-নিকাশ পাল্টে গেছে- দেশে প্রতিদিন আগুনে-পেট্টোল বোমায় মানুষ পুড়ে মারা যাচ্ছে। সর্বত্র আতঙ্ক। বিদেশে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। বায়াররা অর্ডার বাতিল করে দিচ্ছে। এর প্রভাব পড়বে কয়েক মাস পর।”
এই অবস্থা থেকে উত্তরণের একটা পথ খুঁজে বের করতে সরকার-বিরোধী জোটের প্রতি অনুরোধ জানান আতিকুল।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক জায়েদ বখত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হরতাল-অবরোধে নানা বাধার মধ্যেও ৫ শতাংশ প্রবৃদ্ধি খারাপ নয়।
“তবে সমস্যা হচ্ছে- এ পরিস্থিতি কত দিন থাকবে। দ্রুত এর নিরসন না হলে ভবিষ্যতে আমাদের রপ্তানি খাত বড় ধরনের সঙ্কটে পড়বে। এখন যে অস্থিরতা-সংঘাত চলছে, তার প্রভাব পড়বে ছয় মাস-এক বছর পর।”
উদাহরণ হিসেবে তিনি বলেন, ২০১৩ সালের শেষের দিকের সহিংসতার প্রভাবে যে সব রপ্তানির আদেশ বাতিল হয়েছিল, তার কারণেই গত অর্থবছরে ‘ডাবল ডিজিট’ প্রবৃদ্ধি ৫ শতাংশে নেমেছিল।
ইপিবির রপ্তানি সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি ২০১৪-১৫ অর্থবছরের সপ্তম মাস আর নতুন বছরের প্রথম মাস জানুয়ারিতে বিভিন্ন পণ্য রপ্তানি করে বাংলাদেশ আয় করেছে ২৮৫ কোটি ৫০ লাখ ডলার।
গত বছরের জানুয়ারি মাসে যার পরিমাণ ছিল ২৭৫ কোটি ৫৩ লাখ ডলার। প্রবৃদ্ধির পরিমাণ ৪ দশমিক ৮০ শতাংশ।
ডিসেম্বরের চেয়ে রপ্তানি আয় বেড়েছে দেড় শতাংশের বেশি। গত বছরের ২৮৪ কোটি ৪০ লাখ ডলারের রপ্তানি আয় দেশে এসেছিল।
আর অর্থবছরের সাত মাসের হিসাবে অর্থাৎ জুলাই-জানুয়ারি সময়ে আয় বেড়েছে ২ দশমিক ০৬ শতাংশ।
ইপিবি ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু জানান, জুলাই-জানুয়ারি সময়ে মোট রপ্তানি আয়ের ৮১ শতাংশই এসেছে তৈরি পোশাক রপ্তানি থেকে।
এর মধ্যে উভেন পোশাক রপ্তানি থেকে এসেছে ৭২৬ কোটি ৬৫ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ের চেয়ে যা ১ দশমিক ২২ বেশি।
নিট পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৭১৭ কোটি ৮০ লাখ ডলার। প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৬২ শতাংশ।
বাধা-বিপত্তির মধ্যেও তৈরি পোশাক রপ্তানি অব্যাহত ছিল জানিয়ে শুভাশীষ বসু বলেন, “ইউরোপের বাজারে আমরা বেসিক পোশাকের ৪০ শতাংশ রপ্তানি করে থাকি। আমরা যে দামে ভালো মানের পোশাক রপ্তানি করি, তা অন্য কোনো দেশ দিতে পারবে না।
“সে কারণেই বলছি, যত সমস্যাই হোক না কেন, বাংলাদেশ থেকে বায়াররা মুখ ফিরিয়ে নেবে না।”
অবরোধের মধ্যে রপ্তানি পণ্য বন্দরে পৌঁছতে পুলিশি নিরাপত্তা দেওয়ার কথাও তুলে ধরেন তিনি।
চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ হাজার ৩২০ কোটি (৩৩ দশমিক ২০ বিলিয়ন) ডলার।
তবে জুলাই-জানুয়ারি সময়ে রপ্তানি আয়ের যে লক্ষ্যমাত্রা ছিল তার চেয়ে ৪ দশমিক ১৯ শতাংশ কম আয় হয়েছে বলে জানান ইপিবি ভাইস চেয়ারম্যান।
রিজার্ভ ২২.২ বিলিয়ন ডলার
রপ্তানি আয়ের এ ইতিবাচক ধারার কারণে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভও বেড়েছে। বুধবার দিনের শুরুতে রিজার্ভের পরিমাণ ছিল ২২ দশমিক ২ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের ফকেক্স রিজার্ভ অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমান এই তথ্য জানিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রবাসীদের পাঠানো রেমিটেন্সও রিজার্ভ বৃদ্ধিতে অবদান রেখেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-জানয়ারি সময়ে গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১০ শতাংশের বেশি রেমিটেন্স দেশে এসেছে।
