২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দরিদ্র গর্ভবতী ও শিশুদের জন্য নগদ অর্থ দেবে সরকার

সন্তানদের স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করতে অন্তঃসত্ত্বা পাঁচ লাখ দরিদ্র নারী এবং শূন্য থেকে পাঁচ বছর বয়সী সন্তানের মায়েদের নগদ টাকা দেবে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2015, 06:33 PM

Updated : 22 Aug 2022, 11:37 AM

এজন্য দুই হাজার ৩৭৮ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যার দুই হাজার ৩৪০ কোটি টাকাই দেবে বিশ্ব ব্যাংক।

চলতি বছরের জুন থেকে রংপুর ও ঢাকা বিভাগের ৭টি জেলার ৪২টি উপজেলার ৪৪৩টি ইউনিয়নের ১৬ লাখ পরিবার থেকে নির্বাচিতরা এই সহায়তা পাবেন।

মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ‘ইনকাম সাপোর্ট প্রোগ্রাম ফর দ্যা পুরেস্ট (আইএসপিপি)’ নামে এই প্রকল্পসহ মোট ৪ হাজার ৪৯০ কোটি টাকার ৮টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

প্রকল্পের কার‌্যপত্রে বলা হয়েছে, মূলত দরিদ্র মায়েদের দারিদ্র্য নিরসনের পাশাপাশি তাদের সন্তানদের স্বাস্থ্য ও পুষ্টির বিষয়টি নিশ্চিত করতেই সরকার এই কর্মসূচি হাতে নিয়েছে।

স্থানীয় সরকার বিভাগ প্রকল্পটি ২০১৫  সালের এপ্রিল থেকে ২০২০ সালের জুন পর‌্যন্ত মেয়াদে বাস্তবায়িত করবে।

প্রকল্প এলাকা নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর দরিদ্রতা ম্যাপ বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, জামালপুর, শেরপুর ও ময়মনসিংহ- এই সাত জেলায় দারিদ্র্যের হার ৩৫ ভাগেরও বেশি। একই সঙ্গে এইসব এলাকায় অপুষ্টির হারও দেশের অন্যান্য এলাকার তুলনায় অনেক বেশি।

“প্রকল্প এলাকা বাছাইয়ে এ বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে। তবে পর্যায়ক্রমে দেশের ৬৪টি জেলাকেই এ প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে।”

নগদ অর্থ কীভাবে বিতরণ করা হবে তা জানতে চাইলে পরিকল্পনামন্ত্রী বলেন, দরিদ্র অন্তঃসত্ত্বা নারীদের গর্ভকালীন মোট চার বার স্বাস্থ্য পরীক্ষা করা হবে। প্রতিবার স্বাস্থ্য পরীক্ষার জন্য তাদেরকে ২০০ টাকা করে নগদ দেওয়া হবে।

অন্যদিকে শূন্য থেকে ২৪ মাস বয়সী দরিদ্র শিশুদের প্রতিমাসে একবার শরীর বৃদ্ধির পরীক্ষা করে নগদ ৫০০ টাকা করে দেওয়া হবে। ২৫ থেকে ৬০ মাস বয়সী শিশুদের তিন মাসে একবার শরীর বৃদ্ধির পরীক্ষা করে নগদ ১০০০ টাকা দেওয়া হবে।

এছাড়াও অন্তঃসত্ত্বা নারী ও মায়েরা প্রতিমাসে অনুষ্ঠিত শিশুপুষ্টি ও উন্নত শিক্ষা বিষয়ে কর্মশালায় অংশগ্রহণ করলে প্রতিবার ৫০০ টাকা করে পাবেন বলেও পরিকল্পনামন্ত্রী জানান।

“এই প্রকল্প বাস্তবায়িত হলে শিশু ও নারী মৃত্যুহার যেমন হ্রাস পাবে একই সাথে শিশু ও নারী পুষ্টিও নিশ্চিত হবে।”

সভায় সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং গাজীপুরের ৮টি উপজেলায় গ্যাস সঞ্চালন লাইন স্থাপনের জন্য ৯৭৯ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

মোট ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন ৪৬৫ কোটি টাকা। প্রকল্প সাহায্য হিসেবে জাপানী উন্নয়ন সংস্থা জাইকা ৫০৭ কোটি টাকা দেবে। বাকি ৭ কোটি সংস্থার নিজস্ব তহবিল থেকে যোগান দেওয়া হবে।

এই প্রকল্পের আওতায় ৩০ ইঞ্চি ব্যাসের ৬৬ কিমি দীর্ঘ পাইপলাইন নির্মাণ করা হবে। এর ফলে বিদ্যমান ও নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্র, সার কারখানা ও অন্যান্য শিল্প কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ থাকবে বলে প্রকল্পের কার‌্যপত্রে উল্লেখ করা হয়েছে।

২০১৯ সালের জুনের মধ্যে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) প্রকল্পটি বাস্তবায়ন করবে।