২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে দুধ উৎপাদন চাহিদার ৩০%

বাংলাদেশে চাহিদার মাত্র ৩০ শতাংশ দুধ উৎপাদন হয়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2015, 05:54 PM

Updated : 22 Aug 2022, 11:29 AM

“৭০ শতাংশ ঘাটতি রয়েছে। এর জন্য সরকার প্রতিবছর চার হাজার কোটি টাকা ব্যয় করে গুঁড়োদুধ আমদানি করে,” বলেছেন প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হক।

শনিবার চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠানে বক্তব্যে তিনি এই তথ্য তুলে ধরেন।

অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ভারতের উদাহরণ তুলে ধরে বলেন, প্রতিবেশী দেশটি আগে হাজার হাজার টন দুধ আমদানি করলেও বিভিন্নভাবে প্রণোদনা দিয়ে মানুষকে উৎসাহিত করে এখন শীর্ষ রপ্তানিকারক দেশ।

দুধ উৎপাদন বাড়াতে গ্রামে গ্রামে গরুর কৃত্রিম প্রজননের ওপর জোর দিয়ে প্রাণিসম্পদমন্ত্রী বলেন, এজন্য অর্থমন্ত্রীকে এক হাজার কোটি টাকা ঋন দেওয়ার জন্য বলেছেন তিনি।

নবীন শিক্ষার্থীদের আশ্বস্ত করে তিনি বলেন, “তোমাদের ভয়ের কোনো কারণ নেই। গত বছর এ বিভাগ থেকে ১৭৯ জনকে পোস্টিং দেওয়া হয়েছে, আরও দেওয়া হবে।”

সাত একর জায়গা নিয়ে ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম ভেটেরিনারি কলেজ ২০০৬ সালে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর হয়। এটিই বাংলাদেশের প্রথম ভেটিরিনারি বিশ্ববিদ্যালয়।

বক্তব্যে তিনি দেশের একমাত্র এই বিশ্ববিদ্যালয়টি সম্প্রসারণেরও দাবি জানান।

বিশেষ অতিথির বক্তব্যে এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেন, অনেক আঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে ভেটেরিনারি কলেজ বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্যে চট্টগ্রামের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী এই বিশ্ববিদ্যালয়ের জায়গা সম্প্রসারণের উদ্যোগ নিতে মন্ত্রীর কাছে আহ্বান জানান।

“রেলের জায়গা লিজ নিয়ে পেট্রোল পাম্প, সিএনজি স্টেশন করা গেলে শিক্ষার জন্য কেন জায়গা পাব না।”

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ছায়েদুল হক শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের নির্দেশনা দিয়ে বর্তমান ছাত্র রাজনীতি নিয়ে হতাশা প্রকাশ করেন।  

“আগে কোনো সমস্যা হলে মানুষ সরসরি বিশ্ববিদ্যালয়ের হলে চলে আসত সুবিচার পেতে। এখন তো ভয়েও মানুষ সেদিকে যায় না।”

নিজের দল আওয়ামী লীগ সমর্থিত ছাত্র সংগঠনটির সমালোচনাও করেন তিনি।

“ছাত্রলীগের একটি মিশন ও ভিশন ছিল। কিন্তু কালের পরিক্রমায় দুষ্টু চক্রের মাধ্যমে টেন্ডারবাজী ও চাঁদাবাজি ঢুকে গেছে।”

ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক গৌতম বুদ্ধ দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক অজয় কুমার রায়, মৎস্য সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদও বক্তব্য রাখেন।