বাড়ছে রপ্তানি আয়
সংঘাত পেরিয়ে নির্বাচনের পর শান্ত পরিস্থিতিতে অর্থবছরের প্রথম ছয় মাসে বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে।
পরিস্থিতি গত বছরের মতো থাকলে রপ্তানিতে আরও প্রবৃদ্ধির আভাস মিললেও সেই আশাবাদে চোখ রাঙানি দিচ্ছে নতুন বছরে ফের অস্থিরতার ইঙ্গিত।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) গত অর্থবছরের একই সময়ের চেয়ে রপ্তানি আয় বেড়েছে ১ দশমিক ৫৬ শতাংশ। সর্বশেষ ডিসেম্বর মাসে প্রবৃদ্ধি ৪ দশমিক ৩৩ শতাংশ।
ইপিবির ভাইস চেয়ারম্যান শুভাশীষ বোস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) ১ হাজার ৪৯১ কোটি ৪০ লাখ (১৪ দশমিক ৯১ বিলিয়ন) ডলারের রপ্তানি আয় এসেছে।
অর্থবছরের বাকি ছয় মাসেও রপ্তানি আয়ের ইতিবাচক ধারা ধরে রাখতে আশাবাদী ইপিবি ভাইস চেয়ারম্যান বলেন, “অর্থবছরের প্রথম দিকে প্রবৃদ্ধি কিছুটা নেতিবাচক ছিল। নভেম্বর মাস থেকে তা বাড়তে শুরু করেছে। আশা করছি, লক্ষ্যমাত্রা অর্জিত হবে।”
২০১৪-১৫ অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ হাজার ৩২০ কোটি (৩৩ দশমিক ২০ বিলিয়ন) ডলার।
তাজরীন ও রানা প্লাজা দুর্ঘটনার রেশ এবং রাজনৈতিক সংঘাতের মধ্যেও ২০১৩-১৪ অর্থবছরে ৩০ দশমিক ১৯ বিলিয়ন ডলারের রপ্তানি আয় দেশে এসেছিল, যা ছিল আগের বছরের চেয়ে প্রায় ১২ শতাংশ বেশি।
২০১৩ সালজুড়ে রাজনৈতিক সংঘাতের পর ২০১৪ সাল শান্ত গেলেও ২০১৫ সাল শুরু হয়েছে সংঘাত ও অবরোধের মধ্য দিয়ে।
“নতুন বছরের শুরুতেই যে অস্থিতিশীল অবস্থা শুরু হয়েছে, তা অব্যাহত থাকলে শুধু রপ্তানি নয় অর্থনীতির অন্যান্য সূচকেও নেতিবাচক প্রভাব পড়বে,” বলেছেন বিআইডিসির গবেষণা পরিচালক জায়েদ বখত।
তবে পরিস্থিতি স্থিতিশীল থাকলে অর্থবছরের বাকি সময়েও রপ্তানি আয় বাড়বে বলে মনে করেন তিনি।
রপ্তানি আয়ের অন্যতম প্রধান খাত নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি এ কে এম সেলিম ওসমান মনে করেন, রাজনীতিতে এখন যে অস্থির অবস্থা চলছে, তা অচিরেই কেটে যাবে।
“বর্তমানে যে অস্থিরতা চলছে তা সাময়িক। সরকার নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে পারবে বলে আমি বিশ্বাস করি। আর রপ্তানি আয় বৃদ্ধির ধারাও অব্যাহত থাকবে,” বলেন রাজনীতিতে যোগ দেওয়া এই ব্যবসায়ী নেতা।
ইপিবি’র তথ্য বিশ্লেষণে দেখা যায়, জুলাই-ডিসেম্বর সময়ে নিট পোশাক রপ্তানি বেড়েছে প্রায় ২ শতাংশ। তবে উভেন পোশাক রপ্তানি দশমিক ৩৫ শতাংশ কমেছে।
চালও রপ্তানি করছে এখন বাংলাদেশ, তা নিয়ে শ্রীলঙ্কার পথে জাহাজ
অর্থবছরের প্রথম চার মাসে রপ্তানি আয়ে নেতিবাচক ধারা থাকলেও শেষ দুই মাসে পরিস্থিতি বদলে যায়।
জায়েদ বখত বলেন, “প্রতি বছরই সাধারণত সেপ্টেম্বর-অক্টোবর মাসে ডাল সিজনে রপ্তানি আয়ে একটু ধীর গতি থাকে। এবারও তাই ছিল।”
ঈদ ও পূজার ছুটির কারণে অক্টোবর মাসে কয়েক দিন কারখানা বন্ধ ছিল। সে কারণে রপ্তানি আয়ও কম এসেছিল বলে জানান সেলিম ওসমানও।
তবে ভবিষ্যৎ নিয়ে আশাবাদী এই ব্যবসায়ী নেতা তার খাতের অবস্থা তুলে ধরে বলেন, “নিট খাতে নতুন নতুন বাজার থেকে ভালো অংকের রপ্তানি আয় এখন দেশে আসছে।”
তৈরি পোশাকের পাশাপাশি পণ্য রপ্তানিও বাড়ছে বলে জানিয়েছেন ইপিবির ভাইস চেয়ারম্যান শুভাশীষ বোস।
“প্লাস্টিক, মেলামাইন, বাইসাইকেল, কসমেটিকস, উলের পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট পণ্য, জাহাজ রপ্তানিতে প্রবৃদ্ধি ভালো হয়েছে। এর মানে আমাদের রপ্তানি পণ্যে বহুমুখীকরণ হচ্ছে।”
এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, চীনে শ্রমিকদের মজুরির কারণে উৎপাদন খরচ বেড়ে গেছে। এর বিপরীতে বাংলাদেশ তুলনামূলক কম দামে পণ্য সরবরাহ করতে পারছে।
রিজার্ভ ২২ দশমিক ৪৬ বিলিয়ন ডলার
রপ্তানি আয়ের ওপর ভর করে বাংলাদেশ ব্যাংকের বিদেশি মুদ্রার সঞ্চয়ন অতীতের সব রেকর্ড ছাড়িয়ে ২২ দশমিক ৪৬ বিলিয়ন (দুই হাজার ২৪৬ কোটি) ডলার ছুঁয়েছে।
তবে রপ্তানি আয়ের সঙ্গে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সও এতে অবদান রেখেছে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমান।
এই রিজার্ভ দিয়ে দিয়ে প্রতি মাসে ৩ বিলিয়ন ডলার হিসেবে সাত মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব বলে জানান তিনি।
অবশ্য বৃহস্পতিবার এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) নভেম্বর-ডিসেম্বর মেয়াদের ৯০ কোটি ডলার আমদানি বিল পরিশোধ করলে রিজার্ভ কমে আসবে। দুই মাস পর পর আকুর দেনা শোধ করা হয়।
জুলাই-ডিসেম্বর সময়ে প্রবাসীরা প্রায় সাড়ে ৭ বিলিয়ন ডলার দেশে পাঠিয়েছেন, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১০ দশমিক ৩৩ শতাংশ বেশি।
