২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষিঋণের লক্ষ্যমাত্রা পূরণে কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগ

কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা পূরণে বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলোকে বাধ্য করতে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2015, 11:01 PM

Updated : 22 Aug 2022, 11:24 AM

এখন থেকে লক্ষ্য পূরণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ব্যাংককে অপূরিত অর্থের ৩ শতাংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হবে, যার কোনো সুদ দেওয়া হবে না।

ধরা যাক, কোনো ব্যাংক ১০০০ টাকা কৃষিঋণ বিতরণের লক্ষ্য ঠিক করে এক অর্থবছরে ৮০০ টাকা ঋণ বিতরণ করল। এখন ২০০ টাকা বিতরণ না হওয়া পর‌্যন্ত ওই ব্যাংককে বাধ্যতামূলকভাবে বাংলাদেশ ব্যাংকে ৬ টাকা জমা রাখতে হবে, যার কোনো সুদ হবে না।

মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের কৃষি ঋণ ও আর্থিক সেবাভুক্তি বিভাগ থেকে সার্কুলার জারি করে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, “অর্থবছরের শেষে কোনো ব্যাংক কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্য অর্জন করতে না পারলে অনর্জিত অংশের ৩ শতাংশের সমপরিমান অর্থ বাংলাদেশ ব্যাংকের কাছে বাধ্যতামূলক জমা রাখতে হবে। বাংলাদেশ ব্যাংক উক্ত জমাকৃত অর্থের ওপর কোনো ধরনের সুদ দেবে না।”

তবে ব্যাংকের মোট কৃষি ও পল্লী ঋণ বিতরণ পরবর্তী অর্থবছরের ৩১ মার্চে মোট ঋণ ও আগামের ২ দশমিক ৫ শতাংশ বা কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রার সমান বা বেশি হলে তাদের ক্ষেত্রে এই নির্দেশনা প্রযোজ্য হবে না বলে সার্কুলারে জানানো হয়েছে।

“কোনো ব্যাংক যদি পরবর্তী অর্থবছরের লক্ষ্যমাত্রার সাথে বিগত অর্থবছরের অনর্জিত অংশ সম্পূর্ণ বা আংশিক বিতরণ করতে পারে, সেক্ষেত্রে জমাকৃত অর্থ সম্পূর্ণ বা আনুপাতিক হারে সংশ্লিষ্ট ব্যাংকে ফেরত দেওয়া হবে।”

চলতি ২০১৪-১৫ অর্থবছরের ব্যাংকগুলো ১৫ হাজার ৫৫০ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্য নির্ধারণ করেছে। অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে মাত্র ৩৪ দশমিক শূন্য ১ শতাংশ।

বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলোর জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল ছয় হাজার ৪০১ কোটি টাকা।

অর্থবছরের প্রথম পাঁচ মাসে এই খাতের ব্যাংকগুলো বিতরণ করেছে মাত্র দুই হাজার ২৯২ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার ৩৫ দশমিক ৮ শতাংশ।