আতিউরকে স্পিকার-ডেপুটি স্পিকারের অভিনন্দন
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ‘সেরা ব্যাংকার নির্বাচিত হওয়ায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া এবং প্রধান হুইপ আ স ম ফিরোজ।
লন্ডনভিত্তিক প্রভাবশালী পত্রিকা দি ফাইন্যান্সিয়াল টাইমসের ব্যাংক ও অর্থনীতি বিষয়ক ম্যাগাজিন ‘দ্য ব্যাংকার’ সোমবার এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে তাকে ২০১৫ সালের ‘সেন্ট্রাল ব্যাংকার অফ দ্য ইয়ার’ ঘোষণা করে।
মঙ্গলবার এক অভিনন্দন বার্তায় স্পিকার বলেন, “ড. আতিউর সামষ্টিক অর্থনীতি ও সার্বিক ব্যাংকিং ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন এবং কৃষিবান্ধব ও গ্রিন ব্যাংকিং ব্যবস্থা প্রবর্তনে তার বলিষ্ঠ ভূমিকা রয়েছে।”
ছবি: নয়ন কুমার/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া তার অভিনন্দন বার্তায় বলেন, “ড. আতিউর এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সেরা কেন্দ্রীয় ব্যাংকার নির্বাচিত হয়ে জাতিকে অত্যন্ত গৌরবান্বিত করেছে। এ অর্জন ব্যাংকিং জগতে বাংলাদেশের অবস্থানকে আরো সুদৃঢ় করবে।”
গভর্নরকে অভিনন্দন জানিয়ে প্রধান হুইপ ফিরোজ বলেন, “ড. আতিউর এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে ‘সেন্ট্রাল ব্যাংকার অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়ে আমাদের জন্য আনন্দ ও সম্মান বয়ে এনেছেন।”
