২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশি সাহায্য যত আসছে, পাচার হচ্ছে তারও বেশি: সিপিডি

বাংলাদেশে প্রতিবছর যে পরিমাণ বিদেশি সাহায্য আসছে, তার থেকেও বেশি অর্থ বিদেশে পাচার হয়ে যাচ্ছে বলে দাবি করেছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2015, 09:21 PM

Updated : 12 Oct 2022, 03:07 PM

পাচার হওয়া এই অর্থই আবার বিদেশি বিনিয়োগের অর্থ হিসেবে দেশে ফিরিয়ে আনা হচ্ছে বলেও দাবি করেছেন সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য্য।

বাংলাদেশের অর্থনীতির হালচাল নিয়ে শনিবার সংবাদ সম্মেলনে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) অর্থ পাচার এবং ভিন্ন পন্থায় তা ফিরে আসার বিষয়টি খতিয়ে দেখতে বাংলাদেশ ব্যাংকের প্রতি আহ্বানও জানায়।

দেবপ্রিয় বলেন, “বিনিয়োগ হচ্ছে না, অন্যদিকে দেশ থেকে টাকা বাইরে পাচার হয়ে যাচ্ছে। বিদেশ থেকে যে পরিমাণ সাহায্য দেশে আসছে, তার থেকে বেশি পরিমাণ অর্থ পাচার হয়ে যাচ্ছে।

“মূলধনী যন্ত্র কেনার ক্ষেত্রে অতিরিক্ত মূল্য দেখিয়ে বিদেশে টাকা নিয়ে যাওয়া হচ্ছে বলে আমরা মনে করছি। আবার বিদেশি ঋণ নেওয়ার মাধ্যমে পাচার করা অর্থই আনা হচ্ছে বলে মনে হচ্ছে।”

এ বিষয়টি সরকার ও বাংলাদেশ ব্যাংকের খতিয়ে দেখা উচিত, বলেন বিশ্ব বাণিজ্য সংস্থায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসা দেবপ্রিয়।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) তথ্য অনুযায়ী, গত ২০১৩-১৪ অর্থবছরে বিভিন্ন দাতা দেশ ও সংস্থা মোট ৩০০ কোটি ডলার ছাড় করেছে। তার আগের বছরে ছাড় করেছিল ২৭৯ কোটি ডলার।

বিনিয়োগ পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে দেবপ্রিয় বলেন, এই কারণেই মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধির হার ৬ শতাংশে আটকে আছে।

বিনিয়োগ সমস্যার জন্য প্রচলিত প্রতিবন্ধকতা, সংস্কারের অভাব এবং রাজনৈতিক অনিশ্চয়তাকে চিহ্নিত করে তা থেকে উত্তরণের পথ বের করতে আর্থিক খাতের জন্য একটি কমিশন গঠনের পরামর্শ দেন দেবপ্রিয়।

সংবাদ সম্মেলনে চলতি ২০১৪-১৫ অর্থবছরের প্রথমার্থের (জুলাই-ডিসেম্বর) অর্থনীতির চালচিত্র নিয়ে পর্যালোচনা প্রতিবেদন তুলে ধরেন সিপিডির নির্বাহী পরিচালক মুস্তাফিজুর রহমান। সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেমও উপস্থিত ছিলেন।

পর্যালোচনায় বলা হয়, ব্যক্তি খাতে যে ধরনের বিনিয়োগ হওয়া দরকার, তা হয়নি। বিনিয়োগের জন্য ব্যাংক খাত থেকে যে প্রবাহ হওয়া দরকার ছিল, তা-ও হয়নি। অনেক মূলধনী যন্ত্রপাতি দেশে আসছে, যেগুলোতে কোনো শুল্ক নেই।

আমদানি করা এসব যন্ত্রপাতিকে বিনিয়োগের সঙ্গে সম্পর্কিত করা হচ্ছে কি না, তা-ও দেখার ব্যাপার আছে বলে পর্যালোচনায় উল্লেখ করা হয়।

নতুন বিনিয়োগে আস্থার অভাব, ব্যাংক খাতে খবরদারি ও নজরদারিতে দুর্বলতা এবং ব্যক্তিকে সহায়তা দিতে নীতি প্রণয়নের ফলে মধ্য মেয়াদে সমস্যা তৈরি হবে বলে সিপিডি মনে করছে।

প্রতিবেদনে বলা হয়, ৫ জানুয়ারির নির্বাচনের পর বিনিয়োগের যে গতি আশা করা হয়েছিল, তা দেখা যাচ্ছে না। গ্যাস, বিদ্যুৎ, অবকাঠামো, জমি ও রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগ হচ্ছে না। বিনিয়োগের যে ধারা, তা দিয়ে প্রবৃদ্ধির কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে না।

গোলাম মোয়াজ্জেম বলেন, “বিনিয়োগকারীদের কাছে অর্থ আছে। কিন্তু বিনিয়োগের সহায়ক উপকরণের সমস্যা রয়েছে। বিদ্যুৎ, গ্যাস, জমি ও অবকাঠামোগত সমস্যার সমাধান হয়নি।”

চলতি অর্থবছরে রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা পূরণ হবে না বলেই মনে করেন মোস্তাফিজুর রহমান।

“লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে অর্থবছরের বাকি সময়ে ৪০ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে হবে। এটা কোনোভাবেই সম্ভব নয়। আমরা হিসাব করে দেখেছি, এবার রাজস্ব আদায়ে ২৫ হাজার কোটি টাকা ঘাটতি থাকবে।”

চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের মোট লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৮২ হাজার ৯৫৪ কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত করের পরিমাণ ১ লাখ ৪৯ হাজার ৭২০ কোটি টাকা।