বছর পেরোলো টাকা জাদুঘর
বিরল মুদ্রা ও কাগুজে নোটের সংগ্রহ নিয়ে দ্বিতীয় বছরে পা দিলো বাংলাদেশ ব্যাংকের টাকা জাদুঘর।
এ উপলক্ষে শনিবার বাংলাদেশ ব্যাংক প্রশিক্ষণ একাডেমিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘অল্প সময়ে টাকা জাদুঘরের দর্শকপ্রিয়তাকে গর্বের বিষয়’ উল্লেখ করে অনুষ্ঠানের প্রধান অতিথি গভর্নর আতিউর রহমান বলেন, “টাকা জাদুঘরকে আরও সমৃদ্ধ করতে যাদের সংগ্রহে বিরল মুদ্রা ও কাগুজে নোট রয়েছে তা জাদুঘরে দেওয়ার অনুরোধ জানাচ্ছি।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে শিল্পী হাশেম খান, ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন, স্থপতি রবিউল হুসাইন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শুভংকর সাহা, মুদ্রা সংগ্রাহক মোহাম্মদ হোসেন চৌধুরী, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের উর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান।
গভর্নর বলেন, অর্থনৈতিক লেনদেনের জটিল প্রক্রিয়াকে সহজ করতে মুদ্রার প্রচলন হয়। সমকালীন সমাজ ব্যবস্থার চিত্র, রাজা-বাদশাদের প্রিয় এবং ভালোলাগার বিষয় উঠে আসায় মুদ্রা ইতিহাসের অমর সাক্ষী ও সেতুবন্ধন হয়ে আছে। অতীত ও ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে যোগসূত্র স্থাপনের জন্য প্রয়োজন মুদ্রা সংরক্ষণ ও প্রদর্শন।
“এ দায়িত্ববোধ থেকে বাংলাদেশ ব্যাংক গত বছরের অক্টোবরে টাকা জাদুঘর স্থাপন করে। ইতোমধ্যে এক বছর পেরিয়ে গেছে। এর সংগ্রহ বেড়েছে। বেড়েছে দর্শনার্থীদের সংখ্যাও।”
দর্শনার্থীদের তালিকায় নানা শ্রেণি-পেশার মানুষের সাথে নিয়মিতভাবে যোগ হচ্ছে বিদেশি মুদ্রা সংগ্রাহক ও গবেষকরা।
“নিঃসন্দেহে যা গর্ব করার মতো অর্জন,” বলেন আতিউর।
তিনি বলেন, টাকা জাদুঘরের সংগ্রহকে সমৃদ্ধ করতে মুদ্রা সংগ্রাহক মোহাম্মদ হোসেন চৌধুরীসহ অন্যরা যে সহযোগিতা করেছেন তা প্রসংশনীয়।
“যাদের সংগ্রহে বিরল মুদ্রা ও কাগুজে নোট রয়েছে টাকা যাদুঘরে তা দেওয়া হলে যথাযথ স্বীকৃতি দেওয়া হবে। চাইলে বিনিময় মূল্য অথবা নিজ নামে একটি কর্নার দেওয়া হবে।”
বিভিন্ন ব্যাংকের পুরনো লকারে অদাবীকৃত পণ্যসামগ্রীর সঙ্গে পুরনো মুদ্রা থাকলে বিধি-বিধান অনুসরণ করে দ্রুত তা বাংলাদেশ ব্যাংকে জমা দিতে অনুরোধ জানান আতিউর রহমান।
