‘মানিলন্ডারিং ঠেকালে সন্ত্রাসে অর্থায়নও প্রতিরোধ সম্ভব’
মানিলন্ডারিং ঠেকানো গেলে সন্ত্রাসে অর্থায়নও প্রতিরোধ করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান ।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহীতে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক আঞ্চলিক সম্মেলনে তিনি বলেন, “মানিলন্ডারিং ও জঙ্গি কর্মকাণ্ডে অর্থায়ন বিশ্বের সব দেশেই গুরুতর আর্থিক অপরাধ হিসেবে বিবেচিত হচ্ছে।
“এ ধরনের অপরাধ প্রতিরোধে সারাবিশ্বই আজ সোচ্চার। এসব কর্মকাণ্ড প্রতিরোধে বাংলাদেশসহ বিশ্বের সব দেশই গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে।”
বর্তমান প্রেক্ষাপটে মানিলন্ডারিং দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অন্যতম প্রতিবন্ধক বলে উল্লেখ করেন তিনি।
আতিউর রহমান আরও বলেন, “আন্তর্জাতিক উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশে ২০০২ সালে মানিলন্ডারিং প্রতিরোধ আইন জারি করা হয়। এর আওতায় শুরু হয় মানিলন্ডারিং প্রতিরোধ কার্যক্রম।
“পরবর্তীতে আন্তর্জাতিক বিভিন্ন মানদণ্ড বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন সময়ে আইনের সংশোধন করা হয় যার সর্বশেষ সংযোজন ‘মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২’।”
গভর্নর মানিলন্ডারিং প্রতিরোধে সংশ্লিষ্টদের সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
রাজশাহী মহানগরীর একটি রেঁস্তোরায় ওই সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ও বাংলাদেশ ব্যাংক।
সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের রাজশাহী শাখার নির্বাহী পরিচালক জিন্নাতুল বাকেয়া, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মনজুর আহমদ।
আঞ্চলিক সম্মেলনের আগে গভর্নর আতিউর বাংলাদেশ ব্যাংক রাজশাহী শাখার হল রুমে ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় করেন। এসময় ব্যবসায়ীরা লিখিত ২৫টি দাবি তার কাছে তুলে ধরেন।
এসময় রাজশাহী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের পক্ষ থেকে নতুন উদ্যেক্তার ব্যবস্থা করলে এক কোটি টাকার তহবিল দেয়ার আশ্বাস দেন গভর্নর আতিউর রহমান।
