২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্লীতে আবাসনে সহায়তা দিতে আগ্রহ এডিবির

বাংলাদেশের গ্রামের মানুষের আবাসন খাতে সহায়তা দিতে আগ্রহ দেখিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি। সেইসঙ্গে রেমিটেন্স উৎপাদনশীল খাতে ব্যবহার করতে পরামর্শ দিয়েছে সংস্থাটি।

আবদুর রহিম হারমাছি

ম্যানিলা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2014, 01:07 AM

Updated : 13 Oct 2022, 12:51 PM

পুরনো খবর:

‘গরিবের অর্থনীতিবিদের’ পুরস্কার উৎসর্গ ‘উদ্যমী গরিবদের’

গুসি শান্তি পুরস্কার দিতে ফিলিপিন্সে যাওয়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বৃহস্পতিবার ম্যানিলায় এডিবির প্রধান কার্যালয়ে সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই আগ্রহের কথা জানেন।

বৈঠকে এডিবি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংস্থার ‘প্রাইভেট সেক্টর অ্যান্ড কো-ফাইন্যান্স অপারেশন’র ভাইস প্রেসিডেন্ট লক্ষ্মী ভেনকাটাচালাম।

গভর্নরের সঙ্গে এডিবিতে বাংলাদেশের বিকল্প নির্বাহী পরিচালক ইকবাল মাহমুদ ও ফিলিপিন্সে বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ উপস্থিত ছিলেন।

ভেনকাটাচালাম গভর্নরকে বলেন, এডিবি বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠীর বাসস্থানে সহায়তা করার চিন্তা-ভাবনা করছে। এ জন্য একটি প্রকল্প নেওয়া যায় কি না, সে আলোচনা চলছে।

তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মতামত জানতে চাইলে এডিবির প্রস্তাবকে স্বাগত জানান আতিউর।

এ সময় এডিবি ভাইস প্রেসিডেন্ট গভর্নরের কাছে বাংলাদেশ ব্যাংকের ৯ শতাংশ সুদে আবাসন খাতে দেওয়া ঋণের প্রকল্পটি সম্পর্কে জানতে চান।

গভর্নর বলেন, “কেন্দ্রীয় ব্যাংকের এই প্রকল্পটি বর্তমানে বন্ধ আছে। তবে সরকার ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পটি নবগঠিত পল্লী সঞ্চয় ব্যাংকের মাধ্যমে বাস্তবায়ন করছে।”

“এডিবি সহায়তা করলে এই প্রকল্পটি আরও বড় আকারে বাস্তবায়ন করা যেতে পারে। অথবা নতুন কোনো প্রকল্পও নেওয়া যেতে পারে,” বলেন আতিউর রহমান।

এতদিন রেল যোগাযোগ, বিদ্যুৎ, অবকাঠামোসহ বিভিন্ন খাতে এডিবি সহায়তা দিলেও গ্রামের মানুষের বাসস্থানে কোনো সহায়তা দেয়নি।

বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের পাঠানো অর্থের গুরুত্বপূর্ণ অবদানের তথ্য তুলে ধরে তা উৎপাদনশীল খাতে ব্যবহারের পরামর্শ দেন এডিবির ভাইস প্রেসিডেন্ট।

বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে তিনি অনুরোধ জানালে গভর্নর বলেন, রেমিটেন্স এখন পোল্ট্রি, পুকুরে মাছ চাষসহ বিভিন্ন খাতে ব্যবহার হচ্ছে।

এডিবি কর্মকর্তারা আগামী বছরের মার্চে ম্যানিলায় এডিবির প্রধান কার্যালয়ে ‘উৎপাদনশীল খাতে রেমিটেন্স ব্যবহার’ বিষয়ক এক সেমিনারে বাংলাদেশকে প্রতিনিধি পাঠানোর অনুরোধ জানালে গভর্নর বলেন, “অবশ্যই পাঠানো হবে।”

বৈঠকে এডিবি কর্মকর্তারা বাংলাদেশের চলমান অন্যান্য প্রকল্পে সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

অর্থনৈতিক ক্ষেত্রে দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে বিশেষ অবদানের জন্য গুসি শান্তি পুরস্কার নিতে ২৩ নভেম্বর ম্যানিলায় আসেন আতিউর। বুধবার তার হাতে তুলে দেওয়া হয়েছে পুরস্কার। শুক্রবার তিনি ঢাকা ফিরবেন।

অর্থনীতির গতিচিত্র দেখালেন গভর্নর

বৈঠকের আগে এডিবির প্রধান কার্যালয়ে সংস্থার শ’খানেক কর্মকর্তার সামনে বাংলাদেশের অর্থনীতির গতিচিত্র নিয়ে উপস্থাপনা তুলে ধরেন আতিউর রহমান।

তিনি বলেন, বিশ্ব মন্দার মধ্যেও বাংলাদেশ স্থিতিশীল অর্থনৈতিক অবস্থা ধরে রেখেছে। গত কয়েক বছর ধরে ৬ শতাংশের ওপরে জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। এবার সাড়ে ৬ শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জিত হবে।

মোবাইল ব্যাংকিংয়ে বাংলাদেশে ‘বিপ্লব’ ঘটেছে দাবি করে এর পক্ষে বিভিন্ন উদাহরণও তুলে ধরা হয় গভর্নরের উপস্থাপনায়।

“বাংলাদেশের রাজধানী ঢাকার ৭৬ শতাংশ রিকশাচালক এখন গ্রামে তাদের পরিবার-পরিজনের কাছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠান।”

“এতদিন গ্রাম থেকে ঢাকায় টাকা আসত। আর এখন রাজধানী ঢাকা থেকে গ্রামে টাকা যাচ্ছে। ফলে গ্রামীণ অর্থনীতি চাঙা হয়েছে। মানুষের আয় বেড়েছে। সবাই এখন ভালো আছে।”

অর্থনীতির অধিকাংশ সূচকই এখন ইতিবাচক জানিয়ে গভর্নর বলেন, বিনিয়োগে একটু মন্দাভাব ছিল, সেটাও কেটে যাচ্ছে।

২০০৯ সালের ৩০ এপ্রিল চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ পান আতিউর রহমান। এরপর তাকে আরও এক মেয়াদে গুরুত্বপূর্ণ এ দায়িত্বে রাখার সিদ্ধান্ত নেয় সরকার।

গত কয়েক বছরের বাংলাদেশের অর্থনীতির তুলনামূলক চিত্র তুলে ধরে আতিউর বলেন, ২০০৯ সালে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ছিল ৭ দশমিক ৪ বিলিয়ন ডলার। এখন তা তিন গুণ বেড়ে ২২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। রেমিটেন্স ৯ দশমিক ৬৯ বিলিয়ন ডলার থেকে ৫০ শতাংশ বেড়ে হয়েছে ১৪ দশমিক ২৩ বিলিয়ন ডলার। ১৫ বিলিয়ন ডলারের রপ্তানি আয় দ্বিগুণ বেড়ে হয়েছে ৩০ দশমিক ১৮ বিলিয়ন ডলার। আমদানি ৭৫ শতাংশ বেড়ে প্রায় ৪০ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

অর্থনীতির অন্যতম প্রধান সূচক মূল্যস্ফীতি ক্রমান্বয়ে কমে আসছে বলেও গভর্নরের উপস্থাপনায় তুলে ধরা হয়।

“আমরা মুদ্রানীতিতে বলেছিলাম, চলতি অর্থবছরে গড় মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশে নেমে আসবে। দেশে যদি এখনকার রাজনৈতিক স্থিতিশীলতা অব্যাহত থাকে এবং বিশ্ব বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকে তাহলে সেটা সম্ভব হবে বলেই আমি মনে করি।”

গত পাঁচ বছরে কেন্দ্রীয় ব্যাংকের ‘ফাইন্যানসিয়াল ইনক্লুশন’ বাংলাদেশের ব্যাংক খাতের পাশাপাশি সামষ্টিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলেছে বলে দাবি করেন তিনি।

কৃষকসহ ১০ টাকায় ব্যাংক হিসাবধারীর সংখ্যা প্রায় এক কোটি হওয়া, মোবাইল ব্যাংক হিসাবের সংখ্যা প্রায় দুই কোটিতে পৌঁছানোর কথাও তুলে ধরেন তিনি।

“শহরের পাশাপাশি গ্রামেও ব্যাংকের শাখা বেড়েছে। বেড়েছে কৃষি ঋণের পরিমাণ। এ সবই আমাদের অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিতে অবদান রাখছে বলে আমি মনে করি,” বলেন আতিউর।