২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুতের গণশুনানিতে নেই গ্রাহকরা

বিদ্যুতের গ্রাহকদের অভিযোগ ও পরামর্শ জানতে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের গণশুনানিতে কোনো গ্রাহক ছিলেন না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2014, 06:26 PM

Updated : 26 Jul 2022, 12:45 PM

বৃহস্পতিবার সকালে বিদ্যুৎভবনে শুধু মন্ত্রণালয় ও বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাগুলোর শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে এই শুনানি হয়।

এর আগে পাঁচটি পত্রিকায় বিজ্ঞাপন ও মোবাইল ফোনে এসএমএস দিয়ে গণশুনানির কথা জানায় মন্ত্রণালয়।

কোনো গ্রাহক না থাকাই সাংবাদিকরাই বিদ্যুতের নানা সমস্যার কথা তুলে ধরেন, যেগুলো দীর্ঘদিনের পুরনো অভিযোগ।

এর মধ্যে রয়েছে- সংযোগ পেতে বছরের পর বছর অপেক্ষা, ভুতুড়ে বিল, মিটার রিডারদের অনিয়ম, অকার্যকর ওয়ান স্টপ সার্ভিস ও ব্যবস্থাপনার সংকট।

অভিযোগ শুনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু তাৎক্ষণিকভাবে এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

দ্রুত সংযোগ না দেওয়ার বিষয়ে বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলাম বলেন, “২০০৯ সালে ৪০ থেকে ৫০ শতাংশ লোডশেডিং ছিল। বর্তমান সরকার দায়িত্ব নিয়ে বিদ্যুতের পরিস্থিতির উন্নয়নে ব্যাপক উদ্যোগ নেয়। একইসঙ্গে বিদ্যুতের উৎপাদন বাড়িয়ে নতুন সংযোগ দেওয়ারও সিদ্ধান্ত হয়। সেই কারণে কয়েকবছর নতুন সংযোগ দেয়া সম্ভব হয়নি।

“বর্তমানে আমার কাছে নতুন সংযোগের জন্য সাড়ে সাত লাখ আবেদন রয়েছে। এসব সংযোগ দেওয়ার জন্য অতিরিক্ত দেড় থেকে দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ দরকার। কিন্তু উৎপাদন সেই পর্যায়ে আসেনি। যেকারণে সংযোগ দেয়া সম্ভব হচ্ছে না।”

বিদ্যুৎ খাতের অব্যবস্থাপনার জন্য মূলত জনবল সঙ্কট দায়ী মন্তব্য করে সচিব বলেন, “বিদ্যুৎ খাতে দক্ষ জনবল কম। সরকারি-বেসরকারি দুটো খাতই বিদ্যুৎ নিয়ে কাজ করছে। বর্তমানে বেসরকারি খাত থেকে ৪৫ শতাংশ বিদ্যুৎ উৎপাদন হয়।”

শুনানিতে সরবরাহ প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা তাদের ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন।

বিদ্যুতের প্রি-পেইড মিটার চালু করতে পাঁচ বছর লাগবে জানিয়ে ডিপিডিসির এক কর্মকর্তা জানান, মন্ত্রী চাচ্ছেন তিন বছরের মধ্যে এই প্রকল্প শেষ করতে। ডেসকো ইতিমধ্যে শুরু করে দিয়েছে। ডিপিডিসি গত দুই মাস আগে প্রি-পেইড মিটারের একটি পাইলট প্রকল্প নিয়েছে।

“আগামী মাস থেকে ডিপিডিসি এলাকায় ডিজিটাল মিটার রিডিং এবং আগামী ছয় মাসের মধ্যে ডিজিটাল কমপ্লেইন ম্যানেজমেন্ট সিস্টেম চালু হবে। জায়গার স্বল্পতা থাকায় ভূগর্ভস্থ সাবস্টেশন করারও পরিকল্পনা রয়েছে,” বলেন ওই কর্মকর্তা।

আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সদস্য সেলিম মাহমুদ বিদ্যুতের দাম বাড়ানোর ঈঙ্গিত দেন।

তিনি বলেন, “সর্বশেষ সরকার গত ১৩ মার্চ বিদ্যুতের দাম বাড়ায়। সেখানে ১ থেকে ৫০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য দাম বাড়ানো হয়নি। এ ধরনের গ্রাহক আছে ৪৫ লাখ। গ্রাহক প্রতি যদি ৬ জন সুবিধাভোগী হয় তাহলে দুই কোটি ৭০ লাখ মানুষ বিদ্যুতের বাড়তি মূল্যের আওতার বাইরে রয়েছে। কৃষিতেও মূল্য বাড়ানো হয়নি। অথচ অনেকে বলছেন, দাম সমন্বয়ের ক্ষেত্রে সাধারণ মানুষের কথা ভাবা হচ্ছে না। এটা একদম ঠিক না।

“বর্তমানে সাধারণ গ্রাহকদের প্রতি ইউনিট বিদ্যুতে সরকার ৩ টাকা ২৯ পয়সা আর শিল্পে ৫৭ পয়সা ভর্তুকি দেয়। এশিয়া ও আফ্রিকার অনেক দেশের তুলনায় বিদ্যুতের দাম কম, এটা বাংলাদেশের গ্রাহকদের বুঝতে হবে।”