২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক শ্রমিকদের গৃহায়নের ঋণের সদ্ব্যবহার চাই: অর্থমন্ত্রী

তৈরি পোশাক শ্রমিকদের আবাসনে কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া স্বল্প সুদের ঋণের সঠিক ব্যবহার নিশ্চিত করতে বিজিএমইএর কার্যকর উদ্যোগ চেয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2014, 10:24 PM

Updated : 22 Aug 2022, 07:50 PM

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের কার্যালয়ে বিজিএমইএর সঙ্গে এ বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

মুহিত বলেন, “সরকারের গৃহায়ন তহবিলের এই ঋণ নিয়ে কারখানার মালিকরা শ্রমিকদের আবাসন ব্যবস্থা উন্নত করলে পোশাক খাতের দুই কোটি শ্রমিক উপকৃত হবে বলে আমার বিশ্বাস।

“তবে এই ঋণের সঠিক ব্যবহারের জন্য বিজিএমইএকে অবশ্যই কার্যকরী ভূমিকা রাখতে হবে।”

জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে ‘পোশাক শিল্প শ্রমিকদের জন্যে ডরমিটরি নির্মাণে ঋণ প্রদানের নিমিত্তে’ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও গৃহায়ন তহবিলের উপদেষ্টা ম. মাহফুজুর রহমান এবং বিজিএমইএর সহ-সভাপতি (অর্থ) রিয়াজ বিন মাহমুদ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী বলেন, “এক সময় আমাদের দেশে ঋণ নিয়ে তা পরিশোধ না করার সংস্কৃতি মারাত্মক আকার ধারণ করে। কিন্তু এখন সে অবস্থা থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি।

“যেখানে আগে ২৫ থেকে ৩০ শতাংশ ঋণ খেলাপি হতো সেখানে এখন তা ১০ শতাংশে নেমে এসেছে। তবে এটি ৮শতাংশ হলে বেশি ভালো হবে।”

এসময় গৃহায়ন তহবিলের আকার বাড়াতে বাংলাদেশ ব্যাংকের প্রস্তাব বিবেচনা করার আশ্বাসও দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে গভর্নর আতিউর রহমান বলেন, নতুন খাতে গৃহায়ন তহবিলের পরিধি বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে বিজিএমইএর সদস্যভুক্ত পোশাক শিল্প কারখানার শ্রমিকদের জন্য ডরমিটরি নির্মাণে স্বল্পসুদে অর্থের যোগান দিতে এ সমঝোতা স্বারক স্বাক্ষর হচ্ছে।

“এর মধ্য দিয়ে পোশাক শ্রমিকদের বিশেষ করে নারী শ্রমিকদের আবাসন সমস্যা দূর হবে।”

পোশাক শ্রমিকদের জন্য ঢাকা ও চট্টগ্রামে আরও বেশি ডরমিটরি তৈরির জন্য সরকারের কাছে অনুরোধ করেন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল কাশেম, আবু হেনা মো. রাজী হাসান, এস কে সুর চৌধুরী, নাজনীন সুলতানা ও বিজিএমইএর সহসভাপতি এস এম মান্নান কচি।

এই চুক্তির ফলে বিজিএমইএর সদস্যভুক্ত যে কোনো পোশাক কারখানার মালিক তার শ্রমিকদের জন্য বাসস্থান নির্মাণে ২ শতাংশ সুদে ঋণ নিতে পারবেন। তবে ওই বাসস্থান নির্মাণে জমির পরিমাণ ঢাকা ও চট্টগ্রামে কমপক্ষে ২০ শতাংশ এবং এর বাইরে ৪০ শতাংশ হতে হবে।

আর ঋণের পরিমাণ হবে মোট খরচের ৬০ ভাগ, অর্থাৎ বাসস্থান নির্মাণে যে খরচ হবে তার ৬০ শতাংশ ঋণ দেবে গৃহায়ন তহবিল আর ৪০ শতাংশ খরচ (জমি ছাড়া) মালিককেই বহন করতে হবে।

বাসস্থান নির্মাণে আগ্রহী মালিকদের ঋণ নেওয়ার জন্য বিজিএমইএর মাধ্যমে গৃহায়ন তহবিলে আবেদন করতে হবে।