আর্থিক প্রতিবেদন আইনে মন্ত্রিসভার সায়
নিরীক্ষা প্রক্রিয়াকে একটি স্বতন্ত্র কাঠামোর আওতায় আনতে ফাইনানশিয়াল রিপোর্টিং আইন ২০১৪-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের বলেন, “ফাইনানশিয়াল রিপোর্টিং সরকারি-বেসরকারি, কর্পোরেট, ব্যাংক-বীমা ও আর্থিক প্রতিষ্ঠানকে উন্নত করতে একটি গুরুত্বপূর্ণ টুল।”
“এসব প্রতিবেদনের গুণগতমান নিশ্চিত করতে এবং আন্তজার্তিক মানে উন্নত করতে এ আইন। তা করতে হলে স্ট্যান্ডার্ড সেট করতে হবে এবং মনিটরিং ও এনফোর্স করতে হবে, এজন্য এ আইন করা হয়েছে।”
এ আইন পাস হলে এর আওতায় একজন চেয়ারম্যান ও ১০ জন সদস্য নিয়ে একটি ফাইনানশিয়াল রিপোর্টিং কাউন্সিল হবে। এর চেয়ারম্যান নিয়োগ দেওয়া হবে একটি অনুসন্ধান কমিটির মাধ্যমে।
“সার্চ কমিটির প্রধান হবেন মহা হিসাব নিরীক্ষক। বিভিন্ন ডিসিপ্লিন থেকে সদস্য নিয়োগ দেওয়া হবে। তারাই আইন প্রয়োগের অভিভাবক হিসাবে কাজ করবেন।”
সচিব জানান, এ কাউন্সিলের অধীনে মানদণ্ড নির্ধারণী বিভাগ, আর্থিক প্রতিবেদন পরীক্ষণ বিভাগ, নিরীক্ষা চর্চা পুননিরীক্ষণ বিভাগ এবং প্রয়োগকারী বিভাগ নামে চারটি বিভাগ থাকবে।
“এর সার্বক্ষণিক প্রধান থাকবেন চেয়ারম্যান, তার আওতায় কয়েকজন নির্বাহী পরিচালক থাকবেন।”
কাউন্সিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ থাকবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকার প্রজ্ঞাপণের মাধ্যমে আপিল কর্তৃপক্ষ গঠন করবে।
“আইন লঙ্ঘন করলে শাস্তির বিধানও রাখা হয়েছে। দেওয়ানি অপরাধ হলে জরিমানা এবং ফৌজদারি অপরাধ হলে ফৌজদারি আইনে বিচার হবে।”
এ আইনের ফলে পুঁজিবাজারে প্রভাব পড়বে কি না- এমন প্রশ্নে সচিব বলেন, “খুবই ইতিবাচক প্রভাব পড়বে। আর্থিক প্রতিবেদনের মান উন্নত হলে পুঁজিবাজারে অনিয়ম বা বিশৃঙ্খলা প্রতিরোধ করা সম্ভব হবে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের একজন কমিশনারকে এ কাউন্সিলের চেয়ারম্যান নিয়োগের সার্চ কমিটিতে মেম্বার করা হবে।”
এ আইন হলে বিনিয়োগকারীদের মধ্যেও আস্থা সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন মোশাররাফ হোসাইন ভূঁইঞা।
“আগে একেবারে শূন্যতা ছিল না, আমাদের একটা গাইডলাইন ছিল। আইন থাকলে বিনিয়োগকারীদের আস্থা অনেক বেড়ে যাবে”, বলেন তিনি।
