অর্থনৈতিক উন্নয়নে ২১ কোটি ইউরো দেবে জার্মানি
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ২১ কোটি ১০ লাখ ইউরো সহায়তা দেবে জার্মানি, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় দুই হাজার ৫০ কোটি টাকা।
উন্নয়ন সহযোগিতা বিষয়ক দুই দিনব্যাপী দ্বিপক্ষীয় আলোচনার শেষ দিনে সোমবার দুই দেশের সরকারের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি হয়েছে।
সোমবার শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে আলোচনা শুরু হয় রোববার।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ইউরোপ অনুবিভাগের অতিরিক্ত সচিব আবুল মনসুর মোহাম্মদ ফয়েজউল্লাহ এবং জার্মানির অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রণালয়ের দক্ষিণ এশীয় বিভাগের প্রধান উলফার্ম ক্লেইন চুক্তিতে সই করেন।
আলোচনায় আগামী ২০১৫-১৬ অর্থবছরের জন্য নবায়যোগ্য জ্বালানি ও জ্বালানি দক্ষতা উন্নয়নকে অগ্রাধিকার খাত হিসাবে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি।
একই সময়ে অগ্রাধিকার খাত হিসাবে জার্মানি সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং শহরাঞ্চলে জলবায়ু অভিযোজন খাতেও সহায়তা দেবে।
চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের জানানো হয়, অগ্রাধিকারপ্রাপ্ত তিনটি খাত ছাড়াও আগামী অর্থবছরে জার্মানি স্বাস্থ্য খাতের উন্নয়ন ও দক্ষতা বাড়াতে সহায়তা দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে।
এছাড়া দুই দেশের প্রতিনিধি দলের মাধ্যমে উন্নয়ন সহযোগিতা জোরদার করার সিদ্ধান্ত হয়েছে আলোচনায়।
