‘খাদ্য নিরাপত্তায় চাই নিজস্ব পরিকল্পনা’
খাদ্য নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক দাতাগোষ্ঠীর পরামর্শ সব সময় সঠিক হয়নি বলে দাবি করেছেন পিকেএসএফ চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান।
সুষমপুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিয়ে নিজস্ব পরিকল্পনা থাকা প্রয়োজন বলেও মনে করেন তিনি।
শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) আয়োজিত সাত দিনব্যাপী সেমিনারের শেষ পর্বে প্রধান অতিথির বক্তব্য দেন খলীকুজ্জমান।
শেষ পর্বে ‘নিউট্রিশন সিকিউরিটি ফর দ্য পুওর’ শীর্ষক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক নাজমা শাহীন এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমদ কায়কাউস।
অধ্যাপক নাজমা শাহীন বলেন, একক কোনও কর্মসূচি দিয়ে দরিদ্র জনগোষ্ঠীর পুষ্টি নিশ্চিত করা যাবে না। পুষ্টিকর খাদ্যের পাশাপাশি তাদের শিক্ষা, সচেতনতা ও সামর্থ্য বৃদ্ধির দিকে নজর দিতে হবে।
“বিশেষ এক ধরনের খাবারের ওপর নির্ভরতা কমিয়ে সাধারণ মানুষের মধ্যে খাদ্যের বৈচিত্র্য আনতে হবে। তাহলে প্রকৃত পুষ্টি নিশ্চিত হবে,” বলেন তিনি।
খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিয়ে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলোর পরিকল্পনা ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করে পিকেএসএফের চেয়ারম্যান বলেন, পুষ্টি ও খাদ্য নিয়ে দাতাদের পরিকল্পনাগুলো ‘ফুড বেইজড’ বা খাবারের ওপর ভিত্তি করে। কিন্তু তা হওয়া উচিত একেক অঞ্চলের মানুষের চাহিদা ও প্রয়োজন মতো।
বিশ্ব ব্যাংকসহ অন্যান্য দাতাদের সমালোচনা করে তিনি বলেন, “তাদের সব পরামর্শ আমাদের কাজে আসেনি। কিছু সময় পার হওয়ার পর দেখা গেছে তাদের অনেক পরামর্শই সঠিক ছিল না।
“এক সময় আমাদের বলা হয়েছিল, খাদ্য উদ্বৃত্ত রাখা গুরুত্বপূর্ণ নয়, সঞ্চিত অর্থই যথেষ্ট। কিন্তু ২০০৮ সালে দেখা গেল টাকা থাকলেই খাদ্য পাওয়া যায় না।”
নবজাতক, শিশু, প্রাপ্তবয়স্ক ও বয়স্ক এই চার স্তরে বাংলাদেশের মানুষকে ভাগ করে পিকেএসএফ পুষ্টি পরিকল্পনা করছে বলেও জানান খলীকুজ্জমান। এই চার স্তরের মানুষের পুষ্টির জন্য পৃথকভাবে চিন্তা করা উচিত বলেও মত দেন তিনি।
