রিটার্ন দাখিলে আরও একমাস চায় এফবিসিসিআই
ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ানোর দাবি জানিয়েছে এফবিসিসিআই।
ফাইল ছবি
শনিবার সন্ধ্যায় সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “কোরবানির ঈদ এবং দূর্গা পুজা উৎসবের কারণে ব্যবসায়ীসহ অনেক করদাতা তাদের রিটার্ন দাখিল করতে পারেননি। এছাড়া হরতাল কর্মসূচির কারণে করদাতাদের চলাচলে বিঘ্ন ঘটায় অনেকের পক্ষে রিটার্ন দাখিল করা সম্ভব হচ্ছে না।”
আয়কর অধ্যাদেশ অনুযায়ী, পহেলা জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রিটার্ন জমার নিয়ম থাকলেও প্রতিবারের মতো এবারও ২ নভেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়।
গতবারও রিটার্ন জমার মেয়াদ ২৮ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়। সেবারও এফবিসিসিআই এক মাস সময় বাড়ানোর দাবি জানিয়েছিল। তখন কয়েক দফায় সময় বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন জমা নিয়েছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এফবিসিসিআইসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠন প্রতিবারই নানা অজুহাতে দুই-তিন দফা সময় বাড়াতে অনুরোধ জানিয়ে থাকে। এবারও তার ব্যত্যয় হয়নি।
এনবিআরের সংশ্লিষ্ট বিভাগের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দ্বিতীয় দফায়
সময় বাড়ানো হবে কী না- তা রোববার দুপুরের পর সিদ্ধান্ত হবে। সময় বাড়ানো সংক্রান্ত একটি প্রস্তাব অর্থমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। মন্ত্রী অনুমোদন দিলে তবেই বাড়ানো হবে।”
