একনেকে সাত প্রকল্প অনুমোদন
দুই হাজার ১৭১ কোটি টাকার সাতটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার।
মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ প্রকল্পগুলো অনুমোদন দেয়া হয়।
দেশে সুষম উন্নয়ন নিশ্চিত করতে বিদ্যুৎ, অবকাঠামো, কৃষি ও সামাজিক খাতের এ প্রকল্পগুলো অনুমোদন দেয়া হয়েছে বলে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন।
অনুমোদিত সাত প্রকল্পের মধ্যে চারটি নতুন এবং ৩টি সংশোধিত। মোট ব্যয়ের মধ্যে সরকার জোগান দেবে এক হাজার ৬৬৫ কোটি টাকা, প্রকল্প সাহায্য ১৯১ কোটি ১১ লাখ এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৩১৫ কোটি টাকা।
সভায় সবচেয়ে বড় যে প্রকল্পটি অনুমোদন দেয়া হয়েছে সেটি বিদ্যুৎ খাতের।
আলট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজি ব্যবহারের মাধ্যমে কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্যে এক হাজার একর ভূমি অধিগ্রহণ ও ভূমি উন্নয়নে ‘ল্যান্ড অ্যাকুইজেশন, ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্রটেকশন ফর পায়রা ১৩২০ মেগাওয়াট থার্মাল পাওয়ার প্ল্যান্ট’ শীর্ষক এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৭৮২ কোটি ৬২ লাখ টাকা।
বিদ্যুৎ বিভাগের অধীন নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড, ২০১৫ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে বলে কার্যপত্রে উল্লেখ করা হয়েছে।
পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নকে প্রকল্প এলাকা হিসেবে নির্বাচিত করা হয়েছে।
সভার পর সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রকল্প এলাকা নির্বাচনের যৌক্তিকতা তুলে ধরে বলেন, “বিদ্যুৎ কেন্দ্রে আমদানিযোগ্য কয়লা পরিবহণ, পানির প্রাপ্যতা, বিদ্যুৎ কেন্দ্রের কারিগরি বৈশিষ্ট্য, কুলিং সিস্টেম ও পাওয়ার ইভাক্যুয়েশন, পরিবেশগত কারণ ইত্যাদি বিবেচনা করে প্রকল্প এলাকা নির্বাচন করা হয়েছে।”
‘বাংলাদেশ পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান-২০১০’ অনুযায়ী সরকার ২০৩০ সালের মধ্যে মোট উৎপাদিত বিদ্যুতের ৫০ ভাগ কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদন করা হবে।
এ বিষয়টি বিবেচনায় রেখেই প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে বলে জানান মন্ত্রী।
প্রকল্পের আওতায় এক হাজার একর ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন, ৯ কি.মি. নদী তীরবর্তী বাঁধ নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, ৫৯ কি.মি. ৩৩ কেভি বৈদ্যুতিক লাইন নির্মাণ, ৩৩/১১ কেভি একটি সাব-স্টেশন নির্মাণ, ৯ কি.মি. বাউন্ডারি ওয়াল নির্মাণ, ৫ কি.মি. সেতু সংযোগ সড়ক, ২ কি.মি. অভ্যন্তরীণ সড়ক নির্মাণসহ ক্ষতিগ্রস্তদের জন্যে পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়নের বিষয়টিও রয়েছে।
রাজধানীর উত্তরা এলাকার যানজট হ্রাস, পথচারী চলাচলের সুবিধা এবং জলাবদ্ধতা দূর করতে সভায় উত্তরা মডেল টাউনের ১, ৩ থেকে ১৪ নম্বর সেক্টরের রাস্তা, ড্রেন ও ফুটপাতের উন্নয়ন এবং নির্মাণ প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।
১১৯ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ের এই প্রকল্পটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ২০১৭ সালের জুনের মধ্যে বাস্তবায়ন করবে।
সভায় জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকির সঙ্গে সহনশীল পরিবহন নেটওয়ার্কের উন্নতি, কাজের সুযোগ সৃষ্টি ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে ‘ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপট্রেশন প্রজেক্ট’ নামের একটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।
১৪১ কোটি টাকার এই প্রকল্পটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২০১৬ সালের জুনের মধ্যে বাস্তবায়ন করবে।
ডেনমার্কের উন্নয়ন সংস্থা ডানিডা এই প্রকল্পে ৭০ কোটি ৫০ লাখ টাকা অনুদান দেবে।
পটুয়াখালী, বরগুনা, বরিশাল, নোয়াখালী ও লক্ষীপুর পাঁচটি জেলার ১০ উপজেলাকে প্রকল্প এলাকা হিসেবে নির্বাচিত করা হয়েছে।
প্রকল্পের আওতায় উপকূলীয় পাঁচটি জেলায় ৩১৭ কি.মি. সড়ক ও বাঁধ ‘রি-সেকশনিং’ করা হবে। ২০ কি.মি. গ্রামীণ সড়ক উন্নয়ন, ৮ কি.মি. ইউনিয়ন সড়ক পাকাকরণ এবং ৬ কি.মি. সিসি ব্লক রোড নির্মাণ করা হবে।
এর পাশাপাশি ২০ কি.মি. খাল পুনঃখনন এবং বৃষ্টির পানি সংরক্ষণের জন্য ২০টি পুকুর খননের পরিকল্পনাও রয়েছে।
এছাড়া ২০টি গ্রামীণ বাজার ও গ্রোথ সেন্টার এ প্রকল্পের অধীনে উন্নয়ন করা হবে। ১৫ হাজার দুঃস্থ ও কর্মজীবী মহিলাদের প্রশিক্ষণ দেয়া হবে।
প্রতিবন্ধীদের জন্য সামাজিক ও পুনর্বাসন সেবা কার্যক্রম সম্প্রসারণ এবং এ ধরনের সেবাদানকারী সংস্থাসমূহের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ১২০ কোটি ৬০ লাখ টাকার একটি সংশোধিত প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।
বিশ্ব ব্যাংকের ঋণ সহায়তায় ‘জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশন’ ২০১৬ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে।
সিলেট বিভাগের সিলেট,সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় সেচ অবকাঠামো নির্মাণ, উন্নয়ন এবং সেচ সুবিধা সম্প্রসারণ করে বছরে প্রায় ৮৬ হাজার ২৫১ মেট্রিক টন অতিরিক্ত খাদ্যশস্য উৎপাদনের জন্যে ‘সিলেট বিভাগ ক্ষুদ্র সেচ উন্নয়ন’ প্রকল্পের অনুমোদন দেয়া হয় সভায়। এর ব্যয় ধরা হয়েছে ১৩৮ কোটি টাকা।
সারা দেশে উন্নত জাতের বীজ আলু উৎপাদন, সংরক্ষণ ও বিতরণের জন্যে ‘কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প (২য় সংশোধিত)’ নামের আরেকটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এর ব্যয় ধরা হয়েছে ৪২১ কোটি টাকা।
এছাড়া ২৭৪ কোটি টাকার পদ্মা নদীর ভাঙন হতে চাঁপাইনবাবগঞ্জ জেলার আলাতুলি এলাকা রক্ষার আরেকটি প্রকল্পটি একনেক সভায় অনুমোদন দেয়া হয়।
রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
