চট্টগ্রামে বিদ্যুৎ গ্রাহক ৫ লাখ বাড়াতে প্রকল্প
চট্টগ্রামের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়নে একটি বড় প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার।
এক হাজার ১০০ কোটি টাকার এ প্রকল্পের আওতায় ২৩১০ কিলোমিটার নতুন সঞ্চালন লাইন স্থাপন করা হবে, যাতে গ্রাহক সংখ্যা বাড়বে ৫ লাখ।
মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই প্রকল্পটিসহ ১ হাজার ৭৬৩ কোটি টাকার চারটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
এই তথ্য জানিয়ে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেছেন, বাংলাদেশের সব মানুষকে বিদ্যুৎ সুবিধার আওতায় নিয়ে আসার লক্ষ্যেই ‘চট্টগ্রাম জোনের বিদ্যুৎ বিতরণ সিস্টেম উন্নয়ন’ অনুমোদন দেয়া হয়েছে।
প্রকল্পের কার্যপত্রে বলা হয়েছে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ২০১৮ সালের জুনের মধ্যে এর কাজ শেষ করবে। প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে ১ হাজার ৬৪ কোটি টাকা সরকারের তহবিল থেকে জোগান দেয়া হবে। বাকি ৩৬ কোটি টাকা দেবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
মুস্তফা কামাল বলেন, “আমাদের প্রধানমন্ত্রী ২০২১ সালের মধ্যে দেশের সবাইকে বিদুৎ সেবার আওতায় নিয়ে আসার ঘোষণা দিয়েছেন। সে লক্ষ্য পূরণের জন্যই এই বড় প্রকল্প হাতে নেয়া হয়েছে।”
বাংলাদেশের প্রায় ১৫ কোটি মানুষের মধ্যে বিদ্যুৎ সুবিধার আওতায় রয়েছে ৬০ শতাংশ। অর্থাৎ ৬ কোটি মানুষ বিদ্যুৎ সুবিধা পান না।
বর্তমানে চট্টগ্রাম অঞ্চলে বিদ্যুতের চাহিদা ৮০২ মেগাওয়াট। এ প্রকল্পের আওতায় নতুন ২৩১০ কিলোমিটার বিতরণ লাইন স্থাপন করা হলে ১৫২৮ মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন করা যাবে।
একনেক সভায় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুরে পল্লী অবকাঠামো উন্নয়নে ৫৬৪ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দেয়া হয়। সম্পূর্ণ সরকারি অর্থে এলজিইডি ২০১৯ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে।
কার্যপত্রে বলা হয়, বাংলাদেশের অন্যান্য অঞ্চলের তুলনায় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলায় পল্লী অবকাঠামো অপ্রতুল হওয়ায় এই প্রকল্পটি নেয়া হয়েছে।
সভায় সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পটিও অনুমোদন দেয়া হয়েছে, এর ব্যয় ধরা হয়েছে ৭৩ কোটি টাকা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ২০১৯ সালের জুলাই মাসের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে।
এছাড়া নড়াইল সদর উপজেলার পুরাতন ফেরিঘাট সংলগ্ন চিত্রা নদীর উপর ১৪০ মিটার দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এর ব্যয় ধরা হয়েছে ৩৬ কোটি ১৩ লাখ টাকা।
সম্পূর্ণ সরকারি অর্থে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ২০১৬ সালের জুলাইয়ের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে।
রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত একনেক সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পানিসম্পদমন্ত্রীমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
