২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘরহারারা গ্রামে ফিরলে ৫০ হাজার টাকা ঋণ

শহর থেকে গ্রামে ফিরতে ইচ্ছুক ছিন্নমূল মানুষদের ঘর নির্মাণের জন্য প্রত্যেককে সর্বোচ্চ ৫০ হাজার টাকা করে ঋণ দেয়া হবে, যাতে সুদের হার হবে সর্বোচ্চ ৬ শতাংশ।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2014, 08:27 PM

Updated : 22 Aug 2022, 07:03 PM

ছিন্নমূল মানুষদের গ্রামে ফিরিয়ে নিতে ‘ঘরে ফেরা কর্মসূচি’ প্রকল্পের আওতায় রোববার সরকারের গৃহায়ন তহবিল ও কৃষি ব্যাংকের মধ্যে ২ কোটি টাকার একটি ঋণ চুক্তি সই হয়েছে।

বাংলাদেশ ব্যাংকে গভর্নর আতিউর রহমানের উপস্থিতিতে চুক্তিতে সই করেন গৃহায়ন তহবিলের সদস্য সচিব ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ম মাহফুজুর রহমান এবং কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস সালাম।

ঘর নির্মাণের পাশাপাশি একজন ‘ছিন্নমূল’কে জীবিকা নির্বাহের জন্য ঋণ দেয়ারও ঘোষণা দেন আব্দুস সালাম।

“ঘর বানিয়ে দেয়ার পর তারা যেন কিছু একটা করে খেতে পারে সেজন্য আমাদের ব্যাংকের পক্ষ থেকে প্রত্যেককে ৩০ থেকে ৪০ হাজার টাকা করে ঋণ দেয়া হবে। এই ঋণ পরিশোধের শর্তও খুবই সহজ হবে।”

অনুষ্ঠানে আতিউর রহমান বলেন, প্রাথমিকভাবে ২ কোটি টাকা দেয়া হলেও আগামীতে টাকার পরিমাণ বাড়ানো হবে।

দেশের কোনো মানুষ যেন গৃহহীন না থাকে, সেই লক্ষ্যপূরণে এই কর্মসূচি বাস্তবায়নের আহ্বানও জানান তিনি।