২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ পাচার: কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপ জানতে চায় সংসদীয় কমিটি

অর্থ পাচার রোধে বাংলাদেশ ব্যাংক কী ধরনের পদক্ষেপ নিয়েছে তা জানতে চেয়েছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2014, 07:18 PM

Updated : 22 Aug 2022, 07:03 PM

এছাড়া অর্থ পাচার রোধে কেন্দ্রীয় ব্যাংকের ভবিষ্যৎ কর্মপন্থা জানিয়ে একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে।

রোববার জাতীয় সংসদ ভবনে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

কমিটির সভাপতি মো. আব্দুর রাজ্জাক বলেন, “মানি লন্ডারিংয়ের মাধ্যমে প্রচুর অর্থ পৃথিবীর বিভিন্ন দেশে পাচার হয়ে যাচ্ছে যা আমাদের অর্থনীতির জন্য অত্যন্ত ক্ষতিকর।”

“মানি লন্ডারিং প্রতিরোধে বাংলাদেশ ব্যাংক কি কি পদক্ষেপ নিয়েছে এবং ভবিষ্যতে অর্থ পাচার বন্ধে কি পরিকল্পনা রয়েছে সে বিষয়ে আগামী বৈঠকে একটি বিস্তারিত প্রতিবেদন দিতে বলেছে কমিটি।”

গত ৬ অগাস্ট সংসদীয় কমিটির বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়।

ওই বৈঠকে মুদ্রাপাচার প্রতিরোধে বিভিন্ন ইউনিট- যেমন বাংলাদেশ ব্যাংক, দুদক, এনবিআর ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় বৃদ্ধির সুপারিশ করে কমিটি। 

এছাড়া বিদেশে অবৈধ সম্পদ জমা করেছেন বা বাড়ি করেছেন এমন ব্যক্তিদের তালিকা তৈরি করতেও বাংলাদেশ ব্যাংকের ফিনানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে দায়িত্ব দেয়ার সুপারিশ করে কমিটি।

পাশাপাশি চিকিৎসা, শিক্ষাসহ বিভিন্ন প্রয়োজনে বৈধ পথে বিদেশে অর্থ নেয়ার ক্ষেত্রে হয়রানি বন্ধের ব্যবস্থা নিতেও সুপারিশ করা হয়।

মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে কমিটির সদস্য অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, নাজমুল হাসান, টিপু মুনশি, ফরহাদ হোসেন, মোস্তাফিজুর রহমান চৌধুরী, মো. শওকত চৌধুরী, আখতার জাহান এবং বাংলাদেশ ব্যংকের গভর্নর আতিউর রহমান এ বৈঠকে অংশ নেন।