২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবেশবান্ধব খাতে অর্থায়ন নির্দিষ্ট করে দিল কেন্দ্রীয় ব্যাংক

পরিবেশবান্ধব খাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর বার্ষিক অর্থায়নের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2014, 10:54 PM

Updated : 22 Aug 2022, 07:02 PM

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গ্রিন ব্যাংকিং অ্যান্ড সিএসআর বিভাগ থেকে জারি করা এক সার্কুলারে বলা হয়েছে, “আগামী বছরের জানুয়ারি থেকে প্রতিটি ব্যাংককে তার ফান্ডেড ঋণ বা বিনিয়োগের ৫ শতাংশ এ খাতে বিতরণ করতে হবে।”

তবে নতুন চালু হওয়া ব্যাংকগুলোর বিতরণ করতে হবে ৩ শতাংশ। লিজিং কোম্পানিগুলোর বিতরণ করতে হবে ৪ শতাংশ।

২০১৬ সালের জানুয়ারি থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিবেশবান্ধব খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা হবে মোট ঋণের ৫ শতাংশ।

সার্কুলারে বলা হয়েছে, “কেবল বাংলাদেশ ব্যাংক থেকে সময়ে সময়ে চিহ্নিত পরিবেশবান্ধব পণ্য বা খাতে অর্থায়নের জন্য এই হার প্রযোজ্য হবে।”

ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো লক্ষ্যমাত্রা অর্জন করতে পারলে তাদের মান ক্যামেলস রেটিংয়ের মূল্যায়নের জন্য বিবেচিত হবে বলে এতে বলা হয়েছে।

আর কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক।

সার্কুলারে আরো বলা হয়েছে, “টেকসই ব্যাংকিংয়ের জন্য পরিবেশবান্ধব অর্থায়নের কোনো বিকল্প নেই। বাংলাদেশের মতো জলবায়ু ও পরিবেশ বিপর্যয় সংকুলান একটি দেশে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে পরিবেশবান্ধব অর্থায়নের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা বাঞ্ছনীয়।

“জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকির সঙ্গে উপযোগী পরিবেশ রক্ষায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিদ্যমান প্রচেষ্টা আরও দ্রুতহারে বেগবান করার জন্য এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।”