দুর্নীতির সঙ্গে প্রত্যেকেই জড়িত: অর্থমন্ত্রী
প্রত্যেকেই দুর্নীতির কাজে কোন না কোনভাবে অংশ নেয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত (ফাইল ছবি)
“আইন দিয়ে দুর্নীতি প্রমাণ করতে চাইলে সাহস থাকতে হবে, নালিশ দিয়ে সাক্ষ্য দিতে হবে।”
সর্বত্র ব্যাপকভাবে দুর্নীতি ছড়িয়ে পড়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, “প্রত্যেকে দুর্নীতিমূলক কার্যক্রমে অংশগ্রহণ করে থাকি। দুর্নীতির সাক্ষ্য-প্রমাণ করা অসম্ভব। কালো টাকা কীভাবে হয় তা সবাই জানি। জমি হস্তাস্তরে এটা সব থেকে বেশি হয়।”
জমি হস্তাস্তরের সময় সরকার নির্ধারিত ফি অনেকেই দিতে চান না জানিয়ে এই সমস্যা দূর করার উপায় সম্পর্কে সংসদের কাছে জানতে চান মুহিত।
তারানা হালিমের এক প্রশ্নের জবাবে মুহিত বলেন, “তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর শিল্প প্রতিষ্ঠানগুলোর কাছে পাওনা আদায়ে সমন্বিত তদন্ত চলছে।
“দুর্নীতি দমন কমিশনের নেতৃত্বে যেহেতু তদন্ত চলছে তাই এই মুর্হূতে এটা বলা সমীচীন হবে না। চার্জশিট উপস্থাপন করা হলে জানা যাবে।”
তাহজীব আলম সিদ্দিকীর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, “২০১২-১৩ অর্থ বছরের ৩০ জুন পর্যন্ত বাংলাদেশের বৈদেশিক ঋণের (পাবলিক সেক্টর) স্থিতির পরিমাণ এক লাখ ৯৫ হাজার ১৪৬ কোটি টাকা।”
২০১৩-১৪ অর্থ বছরে বাংলাদেশ বৈদেশিক ঋণের সুদ বাবদ এক হাজার ৫৭১ কোটি ৭৫ লাখ টাকা পরিশোধ করেছে বলেও জানান মন্ত্রী।
