২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে দুইদিনের যাকাত মেলা শুরু

বিত্তবানরা স্বতঃস্ফূর্তভাবে যাকাত দিলে দেশে দারিদ্রের হার দ্রুত কমে আসবে বলে মনে করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী  এম এ মান্নান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2014, 01:13 AM

Updated : 22 Aug 2022, 06:36 PM

শুক্রবার দুই দিনব্যপী যাকাত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,“ইসলাম ধর্মে বিশ্বাসী বিপুল বিত্তবান জনগোষ্ঠী রয়েছে বাংলাদেশে। তারা স্বতঃস্ফূর্তভাবে যাকাত দিলে সরকারের দারিদ্র বিমোচন কর্মসূচির লক্ষ্য বাস্তবায়ন অনেকটা সহজ হবে।

“বর্তমান সরকার প্রথম মেয়াদে দায়িত্ব নেয়ার সময়ে দেশের ৪০ শতাংশ মানুষ দারিদ্রসীমার নিচে ছিলো। এখন এই হার নেমে ২৬ শতাংশে এসেছে।”

এম এ মান্নান বলেন, “যাকাত আর সিএসআর (প্রতিষ্ঠানের সামাজিক দায়) এক জিনিস নয়। যাকাত দেওয়া বাধ্যতামূলক। কিন্তু সিএসআর বাধ্যতামূলক নয়। ”

যাকাত দেয়ায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট, মুসলিম এইড, এক্সিম ব্যাংক, ইসলামিক রিফিফ ও সোসাইটি ফর সোস্যাল অ্যান্ড টেকনোলজিক্যাল সাপোর্ট (এসএসটিএস) যৌথভাবে ওই মেলার আয়োজন করেছে।

রাজধানীর গুলশানের ন্যাশনাল শুটিং ক্লাবে আয়োজিত এই মেলায় যাকাত সংশ্লিষ্ট দেশি-বিদেশি ২৭টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

শনিবার শেষ হতে যাওয়া এই মেলা সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত।

দেশে দ্বিতীয়বারের মত এই ধরনের মেলার আয়োজন করা হলো। তবে এতে কোনো যাকাত আদায় করা হচ্ছে না।

আয়োজকরা জানিয়েছেন, মূলত: যাকাত কেনো দিতে হয় এবং সামাজিক এবং অর্থনৈতিক নিরাপত্তা ত্বরান্বিত করতে যাকাতের ভূমিকা জনগণের সামনে তুলে ধরতেই এর আয়োজন করা হয়েছে।

ব্যক্তিগত যাকাতের হিসাব, ব্যবসায় যাকাতের হিসাব নিরুপণসহ নানাদিক যাকাত মেলায় তুলে ধরা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে কুয়েতের রাষ্ট্রদূত আলী আহমেদ ইব্রাহিম আল দুফেয়ারি বলেন, “যাকাত দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে সম্পদের সুষম বন্টন হয়।’

তিনি বাংলাদেশের মুসলমানদের যাকাত দিতে উৎসাহিত করেন।

ইনিস্টিটিউট অফ হযরত মোহাম্মদ (সঃ)-এর সভাপতি অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট  জেনারেল  এম নুরুদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ইসলামিক ইকোনোমিস্ট ফোরামের উপদেষ্টা পরিষদের সদস্য সালাউদ্দিন কাশেম খান, এক্সিম ব্যাংক ফাইন্ডেশনের মহাসচিব নুরুল ফজল বুলবুল, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট-এর সিইও মোহাম্মদ আইয়ুব মিয়া প্রমুখ।