ব্যাংক ঋণ নির্ভরতা কমলেও বোঝা কমছে না
সঞ্চয়পত্র বিক্রি উল্লম্ফনে বাজেটের ঘাটতি পোষাতে ব্যাংক ঋণ নির্ভরতা কমেছে সরকারের।
তবে উৎপাদনশীল খাতে এই ব্যয় না হলে এটি শুধু ঋণের বোঝাই বাড়বে বলে মনে করছে বিশেষজ্ঞরা।
বিদায়ী ২০১৩-১৪ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) এ খাত থেকে দশ হাজার কোটি টাকার বেশি ঋণ নিয়েছে সরকার। যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে চৌদ্দ গুণ বেশি এবং মোট বাজেট ঘাটতির ২০ শতাংশ।
এই অংক বাজেটের লক্ষ্যমাত্রার চেয়ে আড়াই গুণ বেশি।
পাঁচ বছর আগে ২০০৯-১০ অর্থবছরে সঞ্চয়পত্র থেকে ১১ হাজার ৫৯০ কোটি টাকা ঋণ নিয়েছিল সরকার। যা ছিল এ যাবতকালের সর্বোচ্চ।
এবার ১১ মাসে (জুলাই-মে) নিয়েছে দশ হাজার ১৮ কোটি ২৪ লাখ টাকা।
অর্থবছর শেষে এই ঋণের পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে বলে মনে করছেন গবেষক জায়েদ বখত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “শেয়ারবাজারে দীর্ঘদিনের মন্দা এবং ব্যাংকগুলোতে আমানতের সুদের হার কম হওয়ায় অর্থবছর জুড়েই মানুষ বেশি বেশি সঞ্চয়পত্র কিনেছে।”
‘গত ৫ জুন অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় পাঁচ লাখ টাকা পর্যন্ত পেনশনার সঞ্চয়পত্রের সুদের উপর কোন কর না নেওয়ার ঘোষণা দেওয়ার পর এর বিক্রি আরও বেড়েছে’ উল্লেখ করে জায়েদ বখত বলেন, “চলতি জুন মাস শেষে পুরো অর্থবছরের হিসাব যোগ হলে নিট সঞ্চয়পত্রের বিক্রি অতীতের যে কোন সময়ের চেয়ে বেশি হবে।”
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিদায়ী ২০১৩-১৪ অর্থবছরের ১১ মাসে (জুলাই-মে) মোট ২১ হাজার ৬৫৬ কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে।
এরমধ্যে আগে বিক্রি হওয়া সঞ্চয়পত্রের আসল-সুদ বাবদ পরিশোধ করতে হয়েছে ১১ হাজার ৬৩৮ কোটি টাকা।
অর্থ্যাৎ সুদ-আসল শোধের পর যেটা অবশিষ্ট থাকে সেটা ঋণ নিয়ে সরকার প্রয়োজনীয় খরচ মেটায়।
ঘাটতি মেটাতে ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে সঞ্চয়পত্র থেকে ঋণ নেয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল চার হাজার ৯৭১ কোটি টাকা।
বিক্রি বেশি হওয়ায় সংশোধিত বাজেটে তা প্রায় দ্বিগুণ বাড়িয়ে আট হাজার কোটি টাকা করা হয়েছে।
তারই ধারাবাহিকতায় নতুন বাজেটে (২০২৪-১৫) সঞ্চয়পত্র থেকে নয় হাজার ৫৬ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ধরেছে সরকার।
সঞ্চয়পত্রের এই ঋণ উৎপাদনশীল খাতে বিনিয়োগ না হলে সরকারের ঋণের বোঝাকে আরো বাড়াবে বলে মনে করছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক জায়েদ বখত।
তিনি বলেন, “সঞ্চয়পত্রের সুদের হার বেশি। কোন কোনটা ১৩ শতাংশের কাছাকাছি। এর ফলে বিনিয়োগকারীদের বেশি সুদ দিতে হচ্ছে। স্বাভাবিকভাবেই ঋণের বোঝা বাড়বে।
“তবে সঞ্চয়পত্রে বিনিয়োগের এই অর্থ যদি উৎপাদনশীল খাতে বিনিয়োগ হয় তাহলে বিনিয়োগ বাড়বে। অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।”
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক প্রকাশিত সঞ্চয়পত্র বিক্রির তথ্যে দেখা যায়, চলতি ২০১৩-১৪ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) নিট সঞ্চয়পত্র বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে দশ হাজার ১৮ কোটি ২৪ লাখ টাকা।
গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল মাত্র ৭৪৮ কোটি টাকা।
অর্থবছরের পুরো সময়ে (১২ মাস) নিট বিক্রির পরিমাণ ছিল ৭৭৩ কোটি টাকা।
সর্বশেষ মে মাসে এক হাজার ২৮৪ কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। যা একক মাস হিসাবে অতীতের যে কোন মাসের চেয়ে বেশি।
গত বছরের মে মাসে নিট বিক্রির পরিমাণ ছিল মাত্র ৫৬ কোটি টাকা।
সঞ্চয়পত্র বিক্রি বেড়ে যাওয়ায় চলতি অর্থবছরে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ গ্রহণের পরিমাণ সহনীয় পর্যায়ে রয়েছে বলে মনে করেন জায়েদ বখত।
২০১০-১১ অর্থবছরে নিট সঞ্চয়পত্র বিক্রির পরিমাণ ছিল দুই হাজার ৫৭ কোটি টাকা। ২০১১-১২ অর্থবছরে বিক্রির পরিমাণ ছিল ৪৭৯ কোটি টাকা।
নির্দিষ্ট সময়ে বিক্রি হওয়া সঞ্চয়পত্রের মোট পরিমাণ থেকে আগের বিক্রিত সঞ্চয়পত্রের নগদায়নের পরিমাণ বাদ দেয়ার পর অবশিষ্টাংশকে সঞ্চয়পত্রের প্রকৃত বিক্রি বলা হয়। নগদায়নের ক্ষেত্রে গ্রাহককে সুদসহ আসল পরিশোধ করা হয়।
বিদায়ী অর্থবছরের জুলাই-মে সময়ে যেসব সঞ্চয়পত্র বিক্রি হয়েছে, তার ৮০ শতাংশেরও বেশি পরিবার সঞ্চয়পত্র, ১৫ শতাংশ পেনশনার সঞ্চয়পত্র এবং বাকিটা অন্যান্য সঞ্চয়পত্র।
শুধু নারীদের জন্য পরিবার সঞ্চয়পত্র চালু হয় ১৯৯৬ সালের আওয়ামী লীগ সরকার আমলে। এরপর বিএনপি নেতৃত্বাধীন সরকার তা বন্ধ করে দিলেও ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর পুনরায় চালু করা হয়।
বর্তমানে পরিবার সঞ্চয়পত্র ছাড়াও প্রতিরক্ষা সঞ্চয়পত্র, পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, ছয় মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র ও পেনশনার সঞ্চয়পত্র বিক্রি হয়।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য মতে, ২০১৩-১৪ অর্থবছরের পহেলা জুলাই থেকে গত ২৯ এপ্রিল পর্যন্ত সরকার বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ২১ হাজার ৭৬৫ কোটি টাকা ঋণ নিয়েছে । ওই সময়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে নেয়া আগের ঋণের ১৭ হাজার ১২৮ কোটি টাকা পরিশোধ করা হয়েছে।
নতুন করে বাংলাদেশ ব্যাংক থেকে কোনো ঋণ না নেয়ায় ফলে সরকারের নিট ব্যাংক ঋণ গ্রহণের পরিমাণ হচ্ছে চার হাজার ৬৩৭ কোটি টাকা।
২০১৩-১৪ অর্থবছরের মূল বাজেটে ঘাটতি ধরা হয় ৫৫ হাজার ৩২ কোটি টাকা। সংশোধিত বাজেটে তা বাড়িয়ে ৫৯ হাজার ৫৫১ কোটি টাকা করা হয়েছে।
