২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘৭.৩ প্রবৃদ্ধির জন্য ৫ শতাংশ বিনিয়োগ বাড়াতে হবে’

আগামী ২০১৪-১৫ অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা অর্জনে পাঁচ শতাংশ বিনিয়োগ বাড়াতে হবে বলে মনে করে বিশ্ব ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2014, 02:55 PM

Updated : 13 Oct 2022, 12:16 PM

রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ব ব্যাংক ঢাকা অফিসে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সংস্থাটির ঢাকা অফিসের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, “২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সম্ভাবনাময়। বাজেটে ৭ দশমিক ৩ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি (জিডিপি প্রবৃদ্ধি) অর্জনের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা চ্যালেঞ্জিং টার্গেট।

“এই টার্গেট অর্জন করতে হলে এক বছরের মধ্যে বিনিয়োগ ৫ শতাংশ বাড়াতে হবে। তবে বর্তমানে বাংলাদেশ যে অবস্থায় আছে তাতে যদি আগামী অর্থবছরে প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশও অর্জিত হয় সেটা বিরাট উল্লেখযোগ্য অর্জন বলে আমি মনে করি।”

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে বনিয়োগের পরিমান জিডিপি’র ২৮ দশমিক ৬ শতাংশ।

৭ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে হলে এই বিনিয়োগ বাড়িয়ে ৩৩ দশমিক ৬ শতাংশে নিয়ে যেতে হবে বলে মনে করে বিশ্ব ব্যাংক।

গত ৫ জুন সংসদে দুই লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ২৯ জুন তা পাস হবে।

আর ১ জুলাই থেকে শুরু হবে নতুন অর্থবছর।

মতবিনিময় সভায় সংস্থাটির  আবাসিক প্রতিনিধি জোহানেস জুটও বক্তব্য রাখেন।

জাহিদ হোসেন বলেন, অর্থমন্ত্রী বাজেট উপস্থাপনের পর গত তিন সপ্তাহে এর আকার নিয়ে অনেক আলোচনা হয়েছে। অনেকেই বলেছেন বিশাল বাজেট। কেউ বলেছেন উচ্চাভিলাষী এই বাজেট বাস্তবায়ন সম্ভব নয়।

তিনি বলেন, “বিশাল বাজেট নিয়ে আমাদের বক্তব্য হচ্ছে বাংলাদেশের মত দেশে উন্নয়নের জন্য গ্যাস-বিদ্যুৎসহ অবকাঠামো খাতে প্রচুর বিনিয়োগের প্রয়োজন। সে বিবেচনায় দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় প্রস্তাবিত বাজেট বিশাল নয়।

“তবে এ কথাও ঠিক যে বাস্তবায়নের সক্ষমতার দিক দিয়ে এটাকে বিশাল বাজেট বলে যারা সমালোচনা করছেন তারাও সঠিক।”

‘২০২১ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ১০ শতাংশে নিয়ে যাওয়া সম্ভব’ উল্লেখ করে জাহিদ হোসেন বলেন, “বর্তমানের ৬ শতাংশ প্রবৃদ্ধি ১০ শতাংশে পৌঁছাতে হলে উৎপাদনের সক্ষমতা বাড়াতে হবে। অন্যদিকে উৎপাদন যেটা হচ্ছে সেটার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।”

তিনি বলেন, “বিদ্যুৎ খাতের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তবে এ উন্নতি স্বল্পমেয়াদী। দীর্ঘমেয়াদের জন্য বড় বড় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে হবে। সঞ্চালন লাইনেরও উন্নতি করতে হবে।”

‘সরকারি-বেসরকারি অংশিদারিত্ব (পিপিপি) উদ্যোগের তেমন সাড়া নেই’ মন্তব্য করে এই অর্থনীতিবিদ বলেন, “মূলত দুটি কারণে এর সুফল পাওয়া যাচ্ছে না। একটি হচ্ছে- পিপিপি’র যে অফিস আছে সেটা দক্ষ নয়। আর আরেকটি হচ্ছে- আইনী কাঠামোর দুর্বলতা। এ দুটি কারণে ১১ বিলিয়ন ডলারের ৩৪ প্রকল্পের কোনো কাজ হচ্ছে না।”

জাহিদ হোসেন বলেন, “বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছেন পিপিপি সংক্রান্ত একটি আইন সংসদে পাশ হবে।কিন্তু সেটা কবে হবে সেটাই এখন দেখার বিষয়।”

বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় পিপিপি গতিশীল করার পাশপাশি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সংস্কার, শিল্পায়ন ও অবকাঠামো উন্নয়নের জন্য জমি সমস্যার সমাধান এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ খুবই জরুরি বলে মন্তব্য করেন এই অর্থনীতিবিদ।

বাংলাদেশ ব্যাংকের সুপারিশের পরও বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙ্গে না দেওয়ায় বিস্ময় প্রকাশ করেন জাহিদ হোসেন।

বিশ্ব ব্যাংকের বিস্ময়!

বিদায়ী ২০১৩-১৪ অর্থবছরে বাংলাদেশে ৬ দশমিক ১২ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হবে বলে বিবিএস যে তথ্য প্রকাশ করেছে তাতে বিস্ময় প্রকাশ করেন জাহিদ হোসেন।।

বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্ব ব্যাংকের সর্বশেষ পূর্বাভাসে ২০১৩-১৪ অর্থবছরে ৫ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হবে বলা হয়েছিলো। প্রবৃদ্ধি কম হওয়ার কারণ হিসেবে সংস্থাটি গত বছরের রাজনৈতিক অস্থিরতাকে দায়ী করেছিল।

এ ব্যাপারে জাহিদ হোসেনের দৃষ্টি আর্কষণ করা হলে তিনি বলেন, “সার্বিক অবস্থা বিচার-বিশ্লেষণ করেই আমরা পূর্বাভাস দিয়েছিলাম ২০১৩-১৪ অর্থবছরে ৫ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হবে। বিবিএস হিসাব দিয়েছে ৬ দশমিক ১২ শতাংশ হবে।

“এ বিষয়ে বিশ্ব ব্যাংকের বক্তব্য হচ্ছে, ২০১২-১৩ অর্থবছরে স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করায় ৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল। ২০১৩-১৪ অর্থবছরের প্রথম ছয় মাস হরতাল-অবরোধসহ সহিংস রাজনীতির পরও ৬ দশমিক ১২ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হবে বলে বিবিএস যে তথ্য দিয়েছে তা আমাদের কাছে বিস্ময় লাগছে।”

“সে কারণেই আমরা বিবিএসের কাছে ব্যাখ্যা চেয়েছি,” বলেন জাহিদ হোসেন।

তবে বিবিএসের হিসাব প্রত্যাখ্যান করছেন কি না- এ প্রশ্নের কোন উত্তর দেননি বিশ্ব ব্যাংকের অর্থনীতিবিদ।