২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিআরআর বৃদ্ধি: ‘বিনিয়োগ নিরুৎসাহিত হবে’

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর সিআরআর বাড়ালেও গবেষক জায়েদ বখত মনে করছেন, এতে হিতে বিপরীত হতে পারে।

আবদুর রহিম হারমাছি

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2014, 10:42 PM

Updated : 22 Aug 2022, 06:33 PM

তিনি বলছেন, এতে মূল্যস্ফীতি তো কমবেই না বরং বেসরকারি বিনিয়োগ নিরুৎসাহিত হতে পারে।

সোমবার কেন্দ্রীয় ব্যাংকের কাছে ব্যাংকগুলোর নগদ জমা রাখার (সিআরআর) পরিমাণ ৬ শতাংশ থেকে বাড়িয়ে সাড়ে ৬ শতাংশ করার পর বিআইডিএসের গবেষণা পরিচালক জায়েদ বখত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি বুঝতে পারছি না। কেন্দ্রীয় ব্যাংক হঠাৎ করে কেনো সিআরআর বাড়ালো। এর ফলে বেসরকারি খাতে বিনিয়োগ আরও নিরুৎসাহিত হবে।”

উষ্মা প্রকাশ করে তিনি বলেন, “এমনিতেই বেশ কিছুদিন ধরে বেসরকারি খাতে বিনিয়োগ স্থবির হয়ে আছে। অর্থমন্ত্রীও বার বার তা স্বীকার করে চলেছেন। এরমধ্যে সিআরআর বাড়ানোয় ব্যাংকগুলোর একটা মোটা অংকের টাকা কেন্দ্রীয় ব্যাংকে চলে যাবে।

“বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমে যাবে। বাধ্য হয়ে ব্যাংকগুলো ঋণের সুদের হার বাড়িয়ে দেবে। সবমিলিয়ে বিনিয়োগে নেতিবাচক প্রভাব পড়বে।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

‘কেন্দ্রীয় ব্যাংকের সিআরআর সিদ্ধান্ত সরকারের বিনিয়োগ বাড়ানোর নীতির বিপক্ষে’ মন্তব্য করে এই গবেষক বলেন, “সরকার বেসরকারি খাতে বিনিয়োগ বাড়াতে নানা পদক্ষেপ নিচ্ছে। বাজেটেও নানা ছাড় দেয়া হয়েছে। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক সিআরআর বাড়িয়ে উল্টো পথে চলছে।”

‘বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তের ফলে মূল্যস্ফীতি কমবে না’ মন্তব্য করে জায়েদ বখত বলেন, “মূল্যস্ফীতি বাড়ছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স এবং রপ্তানি আয় বাড়ার কারণে। এ দুই খাতে অর্থ যোগান বাড়ায় বাজারেও টাকার সরবরাহ বেড়েছে। যার প্রভাব পড়ছে মূল্যস্ফীতিতে।”

ব্যাংক থেকে সরকারের ঋণ বৃদ্ধি মূল্যস্ফীতি বাড়ার অন্যতম কারণ বলেও মনে করেন এই গবেষক।

মূল্যস্ফীতি সহনীয় রাখতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ব্যাংকগুলোর নগদ জমা রাখার (সিআরআর) পরিমাণ ৬ শতাংশ থেকে বাড়িয়ে সাড়ে ৬ শতাংশ করা হয়েছে।

সোমবার বিকেলে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, “বাংলাদেশ ব্যাংক আদেশ, ১৯৭২ (১৯৭২ সনের আদেশ নং-১২৭) এর ৩৬(১) ধারা অনুসারে বাংলাদেশে অনুমতিপ্রাপ্ত সব তফসিলি ব্যাংক (শরীয়াহভিত্তিক ব্যাংকসহ) কর্তৃক বাংলাদেশ ব্যাংকে নগদ জমা রাখিবার যে বিধান রহিয়াছে উহার পরিমাণ অত্র আদেশের প্রদত্ত ক্ষমতাবলে ৬ শতাংশ হইতে বৃদ্ধি করিয়া ৬ দশমিক ৫ শতাংশে নির্ধারণ করা হইল।”

২৪ জুন মঙ্গলবার থেকে এ আদেশ কার‌্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতিটি ব্যাংককে তার মোট আমানতের সাড়ে ৬ শতাংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হবে। এই সাড়ে ৬ শতাংশের হিসাব করা হবে ১৫ দিন পরপর। তবে দৈনিক মোট আমানতের ৬ শতাংশের কম রাখা যাবে না।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

অর্থ্যাৎ ব্যাংকগুলোকে এখন প্রতি ১৫ দিন শেষে মোট আমানতের ৬ দশমিক ৫ শতাংশ এবং প্রত্যেকদিন মোট আমানতের ৬ শতাংশ করে বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হবে।

কোন ব্যাংক এর কম জমা রাখলে বাংলাদেশ ব্যাংক সেটিকে জরিমানা করবে।

এর মাধ্যমে ব্যাংকগুলো থেকে এখন প্রতিদিন আরো প্রায় ৩ হাজার ২০০ কোটি টাকা চলে যাবে বাংলাদেশ ব্যাংকের কাছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে ব্যাংকগুলোতে ৬ লাখ কোটি টাকার বেশি আমানত রয়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, পয়েন্ট- টু-পয়েন্ট ভিত্তিতে (মাসওয়ারি) এপ্রিল মাসে মূল্যস্ফীতির হার ছিল ৭ দশমিক ৪৬ শতাংশ।

আর গড় মূল্যস্ফীতির হার ছিল ৭ দশমিক ৪৭ শতাংশ।

বিদায়ী ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে বার্ষিক গড় মূল্যস্ফীতির হার ৭ শতাংশে নামিয়ে আনার ঘোষণা দেয়া হয়েছিল।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ৫ জুন সংসদে ২০১৪-১৫ অর্থবছরের যে বাজেট প্রস্তাব করেছেন তাতে মূল্যস্ফীতি ৭ শতাংশের নিচে নামানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

পুরনো খবর:

ব্যাংকগুলোর সিআরআর বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক