সুশাসনের জন্য দরকার রাজনৈতিক ঐকমত্য: সেমিনারে বক্তারা
রাষ্ট্রের সব পর্যায়ে সুশাসন নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্যে পৌঁছাতে হবে বলে মত দিয়েছেন একটি সেমিনারের বক্তারা।
সুশাসন নিশ্চিত না হলে দীর্ঘ মেয়াদে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি হবে না বলে মনে করেন তারা।
রোববার রাজধানীর র্যাডিসন হোটেলে নবগঠিত বাংলাদেশ ইকোনোমিস্ট ফোরাম (বিইএফ) আয়োজিত দুদিনব্যাপী সম্মেলনের শেষ দিনের আলোচনায় অংশ নিয়ে এমন মত দেন অর্থনীতিবিদ ও রাজনীতিবিরা।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান বলেছেন, “রাষ্ট্রের সব পর্যায়ে সুশাসন নিশ্চিত করার জন্য রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্যে পৌছাতে হবে। নতুবা দীর্ঘ মেয়াদে অর্থনৈতিক উন্নতি হবে না।”
এদিন সম্মেলনের চতুর্থ পর্বে আলোচনার বিষয় ছিলো ‘উন্নয়নের জন্য সুশাসন: বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান’। মোট সাত পর্বে শেষ হওয়া সম্মেলনের দ্বিতীয় দিন ছিলো পাঁচটি পর্ব। এই পর্বের সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম।
দেশের অর্থনৈতিক উন্নয়নের নীতি-কৌশল নির্ধারণে এই সম্মেলনের আয়োজন করা হয়।
আকবর আলি খান বলেন, “সাময়িক প্রবৃদ্ধির জন্য সুশাসন বড় বিষয় নয়।। রাশিয়ায় একসময় ব্যাপক অর্থনৈতিক অগ্রগতি হয়েছিল। কিন্তু দেশটিতে সুশাসন তেমন ছিলো না, যার ফল তাদেরকে পরে দিতে হয়েছে। কারণ সেই অগ্রগতি টেকসই হয়নি।
“এজন্য দীর্ঘমেয়াদে টেকসই অর্থনৈতিক অগ্রগতির জন্য রাষ্ট্রের সব পর্য়ায়ে সুশাসন দরকার। বাংলাদেশে সেটা (সুশাসন) নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্যে পৌছাতে হবে।”
তিনি বলেন, “মানবাধিকার নিশ্চিত করতে জুডিশিয়াল রিফর্ম দরকার, পুলিশে সংস্কার দরকার। কারণ, এই সংস্থাটি মানুষের বিশ্বাস হারিয়েছে। এরকম আরো অনেক ক্ষেত্রেই সংস্কার এখন জরুরি। কোনো সরকারই এসব বিষয়ে ঊদ্যোগ নেয়নি।”
সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, বিএনপি নেতা ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সম্মেলনের আয়োজকদের অন্যতম বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি মহিউদ্দিন আলমগীর বক্তব্য রাখেন।
গওহর রিজভী বলেন, “বিভিন্ন প্রতিষ্ঠানে সংস্কার হয়েছে এবং প্রতিষ্ঠানগুলো এখন স্বাধীনভাবে কাজ করছে। দুর্নীতি দমন কমিশন সরকারের মন্ত্রী, এমপিদের ডেকে জিজ্ঞাসাবাদ করছে। মানবাধিকার কমিশন সরকারের সমালোচনা করছে। এগুলো হয়েছে। তবে এ কথা সত্য, আরো হওয়া দরকার। তবে তা রাতারাতি হবে না। সরকার কাজ করছে। দ্রুত করার চেষ্টা করছে।”
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বিটিআরসি, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ- এগুলো স্বাধীন নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান হলেও সরকার দ্বারা নিয়ন্ত্রিত। তাহলে এসব সংস্থার মাধ্যমে সুশাসন নিশ্চিত করা কি সম্ভব? নির্বাচন কমিশনও নির্দেশিত হয়ে কাজ করে।
মহিউদ্দিন আলমগীর বলেন, “আয় অবস্থা নিম্ন হলে সেখানে সুশাসন দুর্বল হবে এটা নিয়ম। আবার সুশাসন জোরালো হলে আয় বাড়বে তা নিশ্চিত করে বলা যাবে না। এজন্য আয় বাড়ানোর উদ্যোগ নিতে হবে। আইনী কাঠামোগুলোকে আরো উন্নত করা দরকার। নতুন আইনের চেয়ে যেসব আইন আছে তার যথাযথ বাস্তবায়ন দরকার। এজন্য রাজনৈতিক সদিচ্ছা বা ঐক্যমত্য জরুরি।”
এইচ টি ইমাম বলেন, “বাংলাদেশ ব্যাংক, বিএসইসি, দুদক, মানবাধিকার কশিমন, বিটিআরসিসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে অবশ্যই ক্ষমতায়ন করা হচ্ছে। আরও করা হবে।”
আলোচনায় অংশ নিয়ে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, “দেশের অনেক এনজিও ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান কৃষকদের ঠকাচ্ছে।”
দেশে খাদ্য উৎপাদন বাড়ানোর বিকল্প নেই উল্লেখ করে মতিয়া চৌধুরী বলেন, “উন্নত বিশ্ব এখন আমাদের আর খাদ্য দিয়ে সাহায্য করবে না। তারা তাদের উৎপাদিত অতিরিক্ত খাদ্য দিয়ে জ্বালানি তৈরি করছে। তাই তারা টাকা দিয়ে সাহায্য করলেও কোনো খাদ্য দিয়ে সাহায্য করবে না। একারণে আমাদের ভবিষ্যতের দুর্ভিক্ষ দূর করতে নিজেদের খাদ্য উৎপাদনের সক্ষমতা বাড়াতে হবে বলে জানিয়েছেন তিনি।”
