বৈষম্য রোধে একযোগে কাজ করার আহ্বান স্পিকারের
সব ধরনের বৈষম্য রোধে অর্থনীতিবিদসহ সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
শনিবার রাজধানী একটি হোটেলে অর্থনীতিবিদদের নবগঠিত সংগঠন বাংলাদেশ ইকোনোমিস্ট ফোরামের (বিইএফ) অনুষ্ঠানে স্পিকার বলেন, “বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। স্থিতিশীল অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ রোল মডেল। বাংলাদেশের মানুষের জীবনমানের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
"এই সফলতাকে ধরে রাখতে হলে, ধনী-দরিদ্রের বৈষম্য হ্রাস করতে হবে। আরে এই কাজে অর্থনীতিবিদসহ সকলকে এগিয়ে আসতে হবে।”
বাংলাদেশের দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য অর্থনৈতিক নীতি ও কৌশল নির্ধারণে অর্থনীতিবিদদের নতুন ফোরাম বাংলাদেশ ইকোনোমিস্ট ফোরাম (বিইএফ)।
বাংলাদেশ অর্থনীতি সমিতির প্রথম সভাপতি মহিউদ্দিন আলমগীরের নেতৃত্বে দেশের ১৮ জন অর্থনীতিবিদ মিলে নতুন এই সংগঠন গড়ে তুলেছেন।
স্পিকার বলেন, “ভিশন-২০২০ এর দিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সহস্রাব্দের উন্নয়নের লক্ষমাত্র অর্জনে বাংলাদেশ অন্যান্য দেশের তুলনায় এগিয়ে রয়েছে। টেকসই উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টিসহ সকল কাজে সবাইকে একযোগে কাজ করতে হবে।”
তিনি বলেন, “মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অগ্রগতি হয়েছে। বাংলাদেশের যুব সমাজ অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
বিইএফকে স্বাগত জানিয়ে তিনি বলেন, “এই ফোরাম ভিশন-২০২১ কে এগিয়ে নিতে কাজ করতে পারে। নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ মতামত তৈরি করতে পারে।”
নারী উদ্যোক্তাদের সংগঠন বিএফডব্লিইউই’র সভাপতি রোকেয়া আফজাল রহমান অনুষ্ঠানে সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ব্র্যাকের চেয়ারম্যান ফজলে হাসান আবেদ।
নতুন এই সংগঠনে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম, হোসেন জিল্লুর রহমান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, সাবেক দুই গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন, সালেহ উদ্দিন আহমেদ, অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ, বিআইডিএসের মহাপরিচালক মুস্তফা কে মুজেরী, পিআরআইর সাদিক আহমেদ, আহসান এইচ মনসুর, জাইদী সাত্তার, সুলতান হাফিজ রহমান, এস আর ওসমানি, রিজওয়ানুল ইসলাম, কাজী খলীকুজ্জমান, খালিদ শামস, মাহবুব হোসেন ও সেলিম রশীদ রয়েছেন।
গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ফোরামের লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) পরামর্শক মহিউদ্দিন আলমগীর।
