‘উন্নয়নের ধারা ধরে রাখতে চাই বেসরকারি বিনিয়োগ’
বাংলাদেশ উন্নতির দিকে এগোলেও এই ধারা ধরে রাখতে বেসরকারি বিনিয়োগ বাড়িয়ে কর্মসংস্থান তৈরির ওপর জোর দিয়েছেন অর্থনীতিবিদরা।
শনিবার বাংলাদেশি অর্থনীতিবিদদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ‘বাংলাদেশে ইকোনমিস্টস ফোরাম (বিইএফ)’র এক অনুষ্ঠানে এই মত উঠে আসার পর তা স্বীকার করে নিয়েছেন অর্থমন্ত্রীও।
বেসরকারি বিনিয়োগ বাড়ানোয় পাঁচ বছরের ব্যর্থতা স্বীকার করে আবুল মাল আবদুল মুহিত তা থেকে উত্তরণের প্রতিশ্রুতি দিয়েছেন।
রাজধানীর র্যাডিসন হোটেলে দেশি-বিদেশি অর্থনীতিবিদদের অংশগ্রহণে নতুন সংগঠন বিইএফের দুদিনের সম্মেলন উদ্বোধন হয়।
অনুষ্ঠানে যুক্তরাজ্যের সাসেক্স ইউনিভার্সিটির অধ্যাপক মাইকেল লিপটন বলেন, অর্থনীতি এবং সামাজিক অগ্রগতি সূচকে বাংলাদেশের অর্জন বিস্ময়ের। সব সংশয় পেছনে ফেলে বাংলাদেশের এগিয়ে যাচ্ছে।বিশেষ করে খাদ্য উৎপাদনে বাংলাদেশ যে অভাবনীয় সাফল্য দেখিয়েছে তা ঈর্ষণীয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ‘কৃষি, উর্বরতা এবং খাদ্য উৎপাদন : বাংলাদেশ কিভাবে প্রত্যাশার চেয়ে বেশি অর্জন করেছে’- শীর্ষক মূল প্রবন্ধে অর্থনীতির এই অধ্যাপক বাংলাদেশের এগিয়ে যাওয়ার যে গল্প শুনিয়েছেন, তাতে সাড়া পান অন্য আলোচকদেরও।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান বলেন, গত আড়াই দশকে বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।
“কিন্তু কোন প্রক্রিয়ায় এ উন্নয়নকে টেকসই করা যায় সেটা নিয়েই এখন আমাদের ভাবতে হবে। আমাদের যে মূলধন আছে, বুদ্ধিবৃত্তিক চিন্তা চেতনার মাধ্যমে তার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে।”
অধ্যাপক মাইকেল লিপটন এক্ষেত্রে বেসরকারি বিনিয়োগ বাড়ানোর বিষয়টি তোলেন। তাতে সায় দিয়ে মুহিত বলেন, “বর্তমানে আমরা যে জায়গায় এসে পৌছেছি তাতে বেসরকারি খাতের ব্যাপক বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ছাড়া বিকল্প পথ নেই।
“গত পাঁচ বছরে আমরা অনেক চেষ্টা করেছি। কিন্তু বেসরকারি খাতে বিনিয়োগ একই জায়গায় আটকে আছে। এটাকে আমাদের ব্যর্থতাই বলব আমি। কিন্তু আমাদের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিনিয়োগ বাড়াতেই হবে।”
টেকসই উন্নয়নে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার ওপর জোর দেন অর্থমন্ত্রী। জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে পরিণত করার গুরুত্বও তুলে ধরেন তিনি।
মুহিত বলেন, “সাম্প্রতিক সময়ে দেশের অর্থনীতি কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এর মধ্যে অবকাঠামোগত অনুন্নয়ন ও রাজনৈতিক অস্থিরতা অন্যতম। এসব চ্যালেঞ্জের কারণে সাম্প্রতিক সময়ে উৎপাদন খাতও মারাত্নকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।”
অর্থনীতির গতিধারা ধরে রাখতে সংশ্লিষ্টদের পরামর্শ প্রত্যাশা করে তিনি বলেন, “এর ফলে সরকারও লাভবান হবে।”
‘ভিশন ২০৩০ : অর্থনৈতিক নীতিকাঠামো ও বহুদলীয় গণতন্ত্রে কৌশল নির্ধারণ’ স্লোগান নিয়ে বিইএফের এই সম্মেলন শুরু হয়েছে।
সম্মেলনে সাতটি পর্বে ১৭টি প্রবন্ধ পড়া হবে। এতে আলোচক হিসেবে থাকবেন খ্যাতনামা অর্থনীতিবিদ এবং সরকারের মন্ত্রীরা।
নতুন এই সংগঠনের উদ্যোক্তাদের গতানুগতিক সংগঠনের ঐতিহ্য থেকে বেরিয়ে আসার পরামর্শ দেন বর্ষীয়ান অর্থনীতিবিদ রেহমান সোবহান।
